চন্দননগরে ডাকটিকিট প্রদর্শনীর আজই শেষদিন
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরানো চিঠি, হলদে হয়ে যাওয়া খাম আর রঙিন ডাকটিকিটের মধ্যে লুকিয়ে থাকে একটা শহরের ইতিহাস। সেই ইতিহাসকেই নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চন্দননগরে শুরু হল দু’দিনের জেলা স্তরের ডাকটিকিট প্রদর্শনী। নাম দেওয়া হয়েছে ‘চন্দনফিলেক্স ২০২৬’। ডাক বিভাগের দক্ষিণ হুগলি ডিভিশনের উদ্যোগে চন্দননগর কলেজে  শুক্রবার থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী। তা চলবে আজ শনিবার পর্যন্ত। জেলার বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়া এবং ডাকটিকিট সংগ্রাহকদের দুষ্প্রাপ্য সংগ্রহ এখানে ঠাঁই পেয়েছে। থাকছে স্বাধীনতা সংগ্রাম, মনীষীদের জীবন, দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে নানা থিমের স্ট্যাম্প ও কভার। প্রদর্শনীর প্রথম দিন চন্দননগরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রবর্তক সংঘের উপর একটি বিশেষ কভার প্রকাশ করা হয়। সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গল রিজিয়নের পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় সহ বিশিষ্টরা।

Advertisement

আজ দুপুর ১২টায় প্রকাশ করা হবে চন্দননগরের আরেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের উপর বিশেষ কভার। নারী শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানের অবদানকে সম্মান জানাতেই ডাক বিভাগের এই উদ্যোগ। আয়োজকদের আশা, মোবাইল-ইন্টারনেটের যুগে হারিয়ে যেতে বসা চিঠি লেখার সংস্কৃতি আর ডাকটিকিট সংগ্রহের নেশা ফিরিয়ে আনতে এই প্রদর্শনী বড়ো ভূমিকা নেবে। পড়ুয়াদের মধ্যে ইতিহাস চেতনা গড়ে তোলার পাশাপাশি ফিলাটেলিকে শখ হিসাবে জনপ্রিয় করাই লক্ষ্য। প্রদর্শনী সকলের জন্য খোলা থাকছে বলে জানিয়েছে ডাকবিভাগ।  নিজস্ব চিত্র