Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ দার্জিলিং-পুলবাজারের দুর্গম বুথে রওনা ভোটকর্মীদের

জঙ্গল ঘেরা পাহাড়ি পথ। দুর্গম পাথুরে রাস্তা। পৌঁছয় না গাড়ি। তাই ভোট গ্রহণের দু’দিন আগে আজ, মঙ্গলবার দার্জিলিং-পুলবাজার ব্লকের একটি বুথের উদ্দেশ্যে রওনা দেবেন ভোটকর্মীরা।

আজ দার্জিলিং-পুলবাজারের দুর্গম বুথে রওনা ভোটকর্মীদের
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৮:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জঙ্গল ঘেরা পাহাড়ি পথ। দুর্গম পাথুরে রাস্তা। পৌঁছয় না গাড়ি। তাই ভোট গ্রহণের দু’দিন আগে আজ, মঙ্গলবার দার্জিলিং-পুলবাজার ব্লকের একটি বুথের উদ্দেশ্যে রওনা দেবেন ভোটকর্মীরা। অন্যদিকে, দার্জিলিং জেলার পাহাড়-সমতলে মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র হবে প্রায় দেড়শোটি। যারমধ্যে বেশকিছু বুথ সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। 

Advertisement

দার্জিলিংয়ের জেলাশাসক হরিশংকর পানিক্কর বলেন, আগে এখানে চারটি দুর্গম বুথ ছিল। এবার সেই সংখ্যা একটি। কমিশনের নির্দেশ মেনে ভোট গ্রহণের দু’দিন আগে ভোটকর্মীরা রওনা হচ্ছেন। জেলায় মহিলা পরিচালিত বুথগুলি সাজানোর প্রস্তুতি শুরু হয়েছে। 
ভৌগোলিক অবস্থানের দিক থেকে রাজ্যে অন্যতম দার্জিলিং জেলা। পাহাড় সমতল নিয়ে গঠিত এই জেলায় দুর্গম বুথের সংখ্যা একটি। ওই বুথে অবাধে যাতায়াত করার মতো রাস্তা নেই। তাই আজ, দার্জিলিং শহরের ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিসিভিং সেন্টার থেকে ওই দুর্গম বুথের উদ্দেশ্যে রওনা দেবেন ভোটকর্মীরা। 
প্রশাসন সূত্রে খবর, দার্জিলিং বিধানসভা কেন্দ্রের দার্জিলিং-পুলবাজার ব্লকে ওই বুথ। যা বনাঞ্চলের মধ্যে। সামানদেন ফরেস্ট প্রাথমিক স্কুলের সেই বুথ নম্বর ৪। সেখানেই ভোট গ্রহণ কেন্দ্র হবে। সরাসরি ওই বুথে পৌঁছনো সম্ভব নয়। কারণ প্রায় সাত কিমি পাথুরে রাস্তা। তাতে যানবাহন চলাচল করতে পারে না। সেই পথ হেঁটেই যেতে হবে। 
দার্জিলিং জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ওই বুথ দুর্গম হওয়ায় মঙ্গলবার নিরাপত্তাকর্মী সহ ভোটকর্মীরা বুথের উদ্দেশ্যে রওনা দেবেন। দার্জিলিং শহর থেকে তাঁরা গাড়িতে করে রামভাম পর্যন্ত যাবেন। সেখানে একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে রাত্রিবাস করবেন। বুধবার সকালে সেখান থেকে সাত কিমি হেঁটে তাঁরা বুথে পৌঁছবেন। সংশ্লিষ্ট বুথে ভোটার সংখ্যা প্রায় ২০০ জন। ভোটগ্রহণ সুষ্ঠুমতো করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। 
অন্যদিকে, জেলায় মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে প্রিসাইডিং অফিসার থেকে তিনজন ভোটকর্মী সকলেই মহিলা। সংশ্লিষ্ট বুথগুলি গোলাপি বেলুন, বিভিন্ন ধরনের কার্টুন চরিত্রের কাটআউট দিয়ে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, শিলিগুড়িতে মহিলা পরিচালিত বুথ ৮৫টি। এরবাইরে মাটিগাড়া-নকশালবাড়িতে ২৬টি, ফাঁসিদেওয়ায় ছ’টি এবং কার্শিয়াংয়ে ২৪টি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ