Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বসন্ত উৎসব না হলেও ভাটা পড়েনি উন্মাদনায়, পর্যটকদের ভিড়, সোনাঝুরি সহ সর্বত্র জোরদার পুলিসি নিরাপত্তা

বসন্ত উৎসব না হলেও ভাটা পড়েনি উন্মাদনায়, পর্যটকদের ভিড়, সোনাঝুরি সহ সর্বত্র জোরদার পুলিসি নিরাপত্তা
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা বোলপুর: আজ, শুক্রবার দোল পূর্ণিমা। রাজ্য ও দেশের নানা প্রান্তে আবির ও রং খেলায় মাতবে ৮ থেকে ৮০ সকলেই। তবে দোল পূর্ণিমায় শান্তিনিকেতনে এবছর গতানুগতিক বসন্ত উৎসব উদযাপনে ছেদ পড়েছে। নির্দিষ্ট তারিখের আগেই ঘরোয়াভাবে বসন্ত উৎসব উদযাপন করেছে বিশ্বভারতী। জঙ্গলের প্রকৃতি ধ্বংস হওয়ার কারণে এবছর সোনাঝুরি খোয়াইয়ের হাটে বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছে বনদপ্তর। কিন্তু তারপরেও রবি ঠাকুরের কর্মতীর্থে পর্যটকদের উন্মাদনা কম নেই। বৃহস্পতিবার থেকেই শান্তিনিকেতনে পর্যটকদের ঢল নেমেছে।‌ ফলে, হোটেল ও অন্যান্য অতিথি নিবাসগুলিতে তিল ধারণের জায়গা নেই। তবে উৎসবের মরশুমে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই ব্যাপারে অতি সক্রিয় মহকুমা পুলিস প্রশাসন।‌ ইতিমধ্যেই বোলপুর ও শান্তিনিকেতন থানার বিভিন্ন প্রান্তে ৫০০ জনেরও বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে। দোলে সোনাঝুরি হাট ঘুরতে চাইলে পায়ে হেঁটেই যেতে হবে এমনই নির্দেশ পুলিসের। ভিড় নিয়ন্ত্রণ করতে এদিন যেকোনও ধরনের যান চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, বিশ্বভারতী ঘরোয়াভাবে বসন্ত উৎসব আয়োজন করার পর থেকেই শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে বড় আকারে বসন্ত উৎসব আয়োজন করা হতো। কিন্তু, বিগত বছরগুলিতে উদযাপনের নামে কার্যত তাণ্ডব  শুরু হয়েছিল। উৎসবের পর জঙ্গলের চারদিকে প্লাস্টিক, বিয়ার ও মদের বোতল, আবির, রং প্রভৃতি যত্রতত্র ছড়িয়ে পড়ে থাকত, যা পরিবেশ ও দৃশ্য দূষণের নামান্তর। এই দূষণের কারণেই এ বছর হাট লাগোয়া বল্লভপুর অভয়ারণ্যের ঝিলগুলিতে পরিযায়ী পাখি অস্বাভাবিকভাবে কম এসেছিল। ‌তাই উদ্বিগ্ন বনদপ্তর এবার বসন্ত উৎসব উদযাপন, আবির খেলা, ড্রোন ওড়ানো, ভিডিও ফটোগ্রাফি, যান চলাচল ও পার্কিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হাটের শিল্পী, পরিবেশ প্রেমী ও স্থানীয় বাসিন্দারা। কিন্তু তারপরেও দোল পূর্ণিমা উপলক্ষে পর্যটকদের উৎসাহে কমতি নেই। বৃহস্পতিবার থেকেই সোনাঝুরির খোয়াই হাট-সহ বিভিন্ন পর্যটনস্থলে উপচে পড়া ভিড় দেখা গেছে। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিসি নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে ব্যারিকেড করার পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন স্থানে হেল্প ডেস্ক করা হয়েছে। এদিন শান্তিনিকেতনের রতনপল্লি, জামবুনি সহ পুরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটি বসন্ত উৎসবের আয়োজন করেছে। দর্শনার্থীদের বিপুল সমাগম হবে বলে সংশ্লিষ্ট জায়গাগুলিতে পুলিসি নিরাপত্তা বাড়ানো হয়েছে। 
এ প্রসঙ্গে বোলপুরের অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায় বলেন, দোল উপলক্ষ্যে প্রচুর মানুষ শান্তিনিকেতনে আসছেন। তাঁদের নিরাপত্তায় ৫০০ জন পুলিসকর্মী মোতায়েন করা হয়েছে। রবিবার পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। অনেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। এর পিছনে অসৎ উদ্দেশ্য রয়েছে বলে আমার ধারণা। ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানো হচ্ছে। যাঁরা করছেন, তারা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন। প্রশাসন সতর্ক রয়েছে। সাধারণ মানুষকে বিষয়গুলোতে কান না দেওয়ার অনুরোধ জানাই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ