ধ্যান করা ও ষড়্রিপুর কথা ছাড়ো। তুমি শ্রীশ্রীঠাকুরের নাম নেওয়ার অধিকার পেয়েছো, এতেই আনন্দে থাকো। একাগ্র মনে যতদূর পারো জপ করতে থাকো। সর্বক্ষণ জপ করতে থাকো, তোমার মনে জপ করার অভ্যাস হয়ে যাবে এবং এই ষড়্রিপু ইত্যাদির চিন্তা থেকে মুক্ত হয়ে তোমার মন নির্মল হয়ে যাবে তারপর বিনা চেষ্টায় তোমার মন জপ করবে, এইভাবে সে ক্রমশঃ স্থির, একাগ্র হতে হতে ধ্যানস্থও হতে থাকবে। তোমাকে কে বলেছে যে অধ্যাত্মতে সব শূন্য, যদি সব শূন্য হয় তবে শ্রীশ্রীঠাকুরকে কি করবে? শূন্য বলো আর পূর্ণ বলো, দুটোই মানববুদ্ধির কল্পনা বস্তু। যা আছে তা অনির্বচনীয়। যেমন শ্রীশ্রীঠাকুর বলেছেন এবং ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন।
সঙ্গীত শিখছো তো শিখতে থাকো, ওটাতে তো ভুল হতেই পারে, ছেড়ে দেওয়ার কথা কেন বলছো? এটাই তোমার দুর্বলতা, তুমি খুব শীঘ্রই সফল হতে চাও। তুমি তো জানো, শুধু কর্মেই তোমার অধিকার, তুমি শুধু কর্মই করতে পারো, বিধিপূর্বক কর্মের অনুষ্ঠান করতে পারো, কিন্তু সেই কর্মের ফলে তোমার কোন অধিকার নেই, আর এই কথাগুলো তুমি শ্রীমদ্ভগবদগীতাতে পড়েছো, ‘কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।’
এটাই তো তোমার ভুল যে সংসারের সকলে তোমার অভিরুচি অনুযায়ী চলবে এবং এই ভুলের কারণ হলে এখনও তুমি এই সংসার থেকে সুখ ভোগের আশা রাখো। একটু শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমা এবং স্বামীজী মহারাজের জীবন সম্পর্কে চিন্তা করো তো এবং আমাকে বলো সংসার থেকে ওনারা কতটুকুই বা সুখের আশা করতেন, বা কতটুকু সুখ ওনারা পেয়েছেন? এইটুকু বুঝে নাও যে এই সংসারে তোমাকে বোঝার যোগ্য একটি ব্যক্তিও নেই। সে কেবল তোমার হৃদয়াভ্যান্তরে বিরাজমান শ্রীশ্রীঠাকুর এবং শ্রীশ্রীমা-ই তোমাকে বোঝেন। সুতরাং সংসার থেকে সুখের আশা করো না, এমন আশা করো না যে কেউ তোমাকে বুঝবে আর সেইভাবে ব্যবহার করে যাবে। এইরূপ সাধু চরিত্রে ব্যক্তির জীবনে না কখনও হয়েছে, না কখনও হবে। তুমি ত্যাগের জীবন অতিবাহিত করতে চাও তো তোমাকে লোকের দুর্ব্যবহার, অপমান ইত্যাদি থেকে নির্বিকার থাকতে হবে। শ্রীমা বলতেন, বর্ণমালায় তিন ‘স’ আছে, এটার প্রয়োজন সহ্য করো, সহ্য করো, সহ্য করো। অর্থাৎ কারো থেকে কিছু আশা করো না, কিন্তু সাধ্যানুসারে সকলের সেবা করতে থাকো। তারপর তুমি আর উত্তেজিত হবে না।
শ্রীশ্রীঠাকুর তোমাকে ওনার নাম জপ করার অধিকার দিয়েছেন, এটাই সবচেয়ে আনন্দের কথা। এখন তুমি এই অধিকারের প্রয়োগ করো, সর্বক্ষণ প্রভুর নাম জপ করো এবং প্রত্যেকটা কাজ ওনাকে বলে করার চেষ্টা করো।‘মধু সঞ্চয়ন’ (স্বামী গহনানন্দ উক্তি সংগ্রহ) থেকে