Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬

দলের ভাবমূর্তি পুনরুদ্ধারে এবার বিদেশে বাঙালিদের দরবারেও যাবে বঙ্গ বিজেপি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রথমবার বিজেপি বাংলায় সরকার গঠন করেছে গত ৪ মে। অর্থাৎ, রাজ্যে বিজেপির ক্ষমতায় আসার পর প্রায় চার মাস কেটে গিয়েছে।

দলের ভাবমূর্তি পুনরুদ্ধারে এবার বিদেশে বাঙালিদের দরবারেও যাবে বঙ্গ বিজেপি
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রথমবার বিজেপি বাংলায় সরকার গঠন করেছে গত ৪ মে। অর্থাৎ, রাজ্যে বিজেপির ক্ষমতায় আসার পর প্রায় চার মাস কেটে গিয়েছে। আর মাত্র এই কয়েক মাস সময়ের মধ্যেই তোলাবাজি, মানুষকে ভয় দেখানো, দুর্নীতির মতো অভিযোগ উঠেছে রাজ্য বিজেপি নেতাকর্মীদের একটি অংশের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে তাই দলীয় মূল্যায়নে বিজেপি কার্যত মেনে নিচ্ছে যে, বিভিন্ন কারণে বিগত চার মাসে নষ্ট হয়েছে বাংলার শাসক দলের ভাবমূর্তি। অবিলম্বে সেই ভাবমূর্তি ফেরানো প্রয়োজন। নাহলে আগামী দিনে বাংলায় বড়োসড়ো ক্ষতির মুখোমুখি হতে হবে দলকে। তাই দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে শুধু বাংলার বাঙালি সমাজই নয়, বিদেশের বঙ্গ সমাজের দিকেও বিশেষভাবে নজর দিচ্ছে বিজেপি শিবির। 

Advertisement

সেইমতো জানা যাচ্ছে যে, পুজোর পরে ধারাবাহিকভাবে বঙ্গ বিজেপির বাছাই করা নেতানেত্রীদের কিছু সময়ের জন্য ভিন রাজ্য ও বিদেশে পাঠনো হবে। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, ঘরোয়া আড্ডায় দলের ভাবমূর্তির সার্বিক প্রচারকেই অন্যতম প্রধান লক্ষ্য করতে চাইছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য যেমন নিজেই দিনকয়েকের জন্য বিদেশে গিয়েছিলেন। ব্যক্তিগত সফর হলেও নেদারল্যান্ডসে ‘ওভারসিজ ফ্রেন্ডস অব বিজেপি’র কর্মী, সমর্থকদের সঙ্গে ঘরোয়া আড্ডা দিয়েছেন। এমনকি কৃতি বাঙালিদের একাংশকে তিনি অনুরোধও করেছেন যাতে, তাঁরা বাংলায় ফিরে আসেন। তাঁদের মেধা যেন বাংলার কাজে ব্যবহার করা যায়। ঘরোয়া আড্ডায় রাজ্য তথা দেশে দলের অবস্থান ও আগামী দিনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বলে রাজনৈতিক সূত্রে জানানো হয়েছে। বিজেপির অন্দরের খবর, একপ্রকার এই ধাঁচেই ভবিষ্যতে দলের বঙ্গ ব্রিগেডের বাছাই করা নেতৃত্বের প্রবাস-সফর করানো হতে পারে। দলীয় অবস্থান স্পষ্ট করবেন তাঁরা। -ফাইল চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ