নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: পশ্চিমবঙ্গ আবাস যোজনার উপভোক্তাদের জন্য সুখবর। আজ, শুক্রবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া। নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল মাধ্যমে চেক প্রদান কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রশাসনিক পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে বীরভূম জেলায় আবাস যোজনার মোট উপভোক্তার সংখ্যা ৬১হাজার। প্রথম কিস্তির পর নির্মাণকাজের যথাযথ অগ্রগতি দেখিয়ে দ্বিতীয় কিস্তির জন্য যোগ্য বিবেচিত হয়েছে ৫০হাজারেরও বেশি মানুষ। ইতিমধ্যে প্রথম দফায় ২৪ হাজার উপভোক্তার কাছে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে গিয়েছে। বাকিদের অর্থ বরাদ্দের জন্য শুক্রবার থেকে কাজ শুরু হচ্ছে। প্রশাসনের দাবি, সমস্ত বৈধ উপভোক্তার জন্য টাকা মজুত রয়েছে। এদিন জেলার প্রতিটি ব্লক থেকে ১০০-১৫০ জন বৈধ উপভোক্তার হাতে প্রতীকী হিসাবে দ্বিতীয় কিস্তির চেক তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, আবাস যোজনা নিয়ে রাজ্যজুড়ে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে আবাস দুর্নীতির শিকড় খুঁজতে জোরকদমে প্রশাসনিক তদন্ত শুরু হয়। তদন্তে নেমে আধিকারিকদের রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। দেখা যায়, অনেকে প্রথম কিস্তির টাকা পেলেও একটি ইটও গাঁথেনি। কেউ কেউ পুরো টাকাই অন্য কাজে খরচ করেছে। আবার কেউ গ্রাম ও শহর দু’জায়গাতেই বেআইনিভাবে আবাসের টাকা হাতিয়ে নিয়েছেন। এই কারণে প্রশাসনিক কড়াকড়ি শুরু হওয়ায়, যাঁরা নিয়ম মেনে বাড়ি তৈরি করছিলেন, তাঁদের মনেও বকেয়া টাকা পাওয়া নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছিল।
তবে প্রকৃত উপভোক্তাদের সেই সংশয় দূর করেছে প্রশাসন। বীরভূম জেলা প্রশাসনের এক কর্তা বলেন, তদন্ত নিজের গতিতেই চলবে। একাংশের দুর্নীতির জন্য প্রকৃত উপভোক্তাদের কোনোভাবে ভুগতে হবে না। যাঁরা প্রথম কিস্তির টাকা পেয়ে সরকারি নিয়ম অনুযায়ী নির্মাণকাজ শেষ করেছেন, তাঁদের দ্বিতীয় কিস্তির টাকা নির্দিষ্ট সময়েই দিয়ে দেওয়া হবে।
অন্যদিকে, যাঁরা প্রথম কিস্তির টাকা নিয়ে ছিনিমিনি খেলেছেন, তাঁদের জন্য কড়া বার্তা দিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, বরাদ্দ টাকার সঠিক ব্যবহারের জন্য আগামী ডিসেম্বর মাস পর্যন্ত চূড়ান্ত সময়সীমা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন সাফ জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যাঁরা বাড়ি তৈরির কাজে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারবেন না, তাঁদের সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হবে। এরপরও টাকা না ফেরালে সরকারি পাওনা আদায়ের বিশেষ আইন বেঙ্গল পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট ১৯১৩-এর আওতায় অভিযুক্তদের বিরুদ্ধে সার্টিফিকেট কেস দায়ের করে কড়া আইনি ব্যবস্থা নেবে প্রশাসন।



