Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আয় বাড়াতে এবার মার্কেট কমপ্লেক্স বানিয়ে বিক্রেতাদের পুনর্বাসন, উদ্যোগ কাঁচরাপাড়ায়

আয় বাড়ানোর উদ্যোগ নিল কাঁচরাপাড়া পুরসভা। নিজস্ব জমিতে পাঁচতলা মার্কেট কমপ্লেক্স তৈরি করে সেখানে দোকানদারদের পুনর্বাসনের ব্যবস্থা করল।

আয় বাড়াতে এবার মার্কেট কমপ্লেক্স বানিয়ে  বিক্রেতাদের পুনর্বাসন, উদ্যোগ কাঁচরাপাড়ায়
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আয় বাড়ানোর উদ্যোগ নিল কাঁচরাপাড়া পুরসভা। নিজস্ব জমিতে পাঁচতলা মার্কেট কমপ্লেক্স তৈরি করে সেখানে দোকানদারদের পুনর্বাসনের ব্যবস্থা করল। সেই সব দোকান থেকে মাসে ২০০০ টাকা করে ভাড়া নেবে কাঁচড়াপাড়া পুরসভা। কর্তৃপক্ষের মতে, এর ফলে বছরে আয় হবে ২২ লক্ষ ৮১ হাজার টাকা। আগে আয় হতো কুড়ি হাজার টাকা। এক ধাক্কায় তা অনেকটাই বাড়তে চলেছে। 

Advertisement

মা লক্ষ্মী কমপ্লেক্স নামে ওই বহুতল মার্কেটের উদ্বোধন হল শুক্রবার বিকেলে। উদ্বোধন করলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কমল আধিকারী, স্থানীয় কাউন্সিলার কল্যাণ কর, চেয়ারম্যান পরিষদের সদস্য দিলীপ ঘোষ সহ পুরসভার অন্য কাউন্সিলার এবং নেতারা। সেখানে ব্যবসায়ীদের হাতে দোকানের চাবি তুলে দেওয়া হয়। সুবোধ অধিকারী বলেন, কাঁচড়াপাড়ার উন্নয়নের ক্ষেত্রে অন্যতম অন্তরায় হচ্ছে রেল। রেলের ৭০ শতাংশ জমি পুরসভার মধ্যে পড়ে। আমরা রেলের কাছ থেকে কোন সার্ভিস চার্জ বা ট্যাক্স পাই না। ওদের কাছে বকেয়া পরিমাণ ১৫ কোটি টাকা। তাই নিজস্ব আয় বাড়ানোর জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
 পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী বলেন, কাঁচরাপাড়া স্টেশন থেকে গান্ধী মোড় পর্যন্ত কেজিআর পথ ব্যবসায়ীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীয়া এবং উত্তর ২৪ পরগনার হাজার হাজার মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। বিক্রিবাটা যথেষ্ট ভালো। পুরসভার জমিতে দোকানদাররা ব্যবসা করছিলেন। আমরা তাঁদের উচ্ছেদ করতে চাইছিলাম না। তাঁদের কাছ থেকে মাত্র কুড়ি হাজার টাকা আমরা বছরে পেতাম। তাঁদের সঙ্গে আলোচনা করে বেসরকারি সাহায্য নিয়ে এই মার্কেট কমপ্লেক্স তৈরি করা হল। যেখানে বর্তমান দোকানদারদের স্থায়ী পুনর্বাসন দেওয়া হয়েছে। দোকান কেনার জন্য তাদের কোনও টাকা দিতে হবে না। মাসে ভাড়া হিসেবে দু’হাজার টাকা করে দিতে হবে। এতে পুরসভার আয় অনেক গুণ বাড়বে। আমরা বিভিন্ন ক্ষেত্রে এইভাবে পুরসভার যে জমি আছে তা কাজে লাগিয়ে আয় বাড়াতে উদ্যোগী হয়েছি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ