Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তিনটি পৃথক পকসো মামলায় তিনজনের কারাদণ্ডের নির্দেশ

তিনটি পৃথক পকসো মামলায় তিনজনের কারাদণ্ডের নির্দেশ
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও জলপাইগুড়ি: শিলিগুড়ি ও জলপাইগুড়িতে তিনটি পকসো মালায় তিনজনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে আদালত। শুক্রবার আদালত দোষীদের কাউকে  ২৩, কাউকে ২০, আবার কাউকে তিন বছর কারাবাসের নির্দেশ দিয়েছে। আদালত সূত্রের খবর, কেউ চকোলেটের টোপ দিয়ে শিশুকন্যাকে, আবার কেউ কিশোরীকে অপহরণ করে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। মামলার তথ্য প্রমাণ খতিয়ে দেখে এদিন দোষীদের বিরুদ্ধে বিচারক সাজা ঘোষণা করেন। 
Advertisement
২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর চকোলেট দিয়ে শিলিগুড়িতে ছ’বছরের শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালায় কিরণ ওরাওঁ নামে এক যুবক। প্রধাননগর থানার মধ্যপলাশ এলাকায় অভিযুক্তের বাড়ি। বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন শিলিগুড়ির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ (পকসো কোর্ট) অনিতা মেহরত্রা দোষীকে ২৩ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। মামলার সরকার পক্ষের আইনজীবী সুনন্দা সরকার বলেন, কারাবাসের পাশাপাশি দোষীকে ৪০ হাজার টাকা জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। তা অনাদায়ে আরও একবছর কারাবাস করতে হবে দোষীকে। ১১ জনের সাক্ষীর ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন বিচারক। 
এদিকে, এনজেপি থানা এলাকার এক নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ, ২০১৯ সালে নাবালিকাকে আলিপুরদুয়ারে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে বাড়ি ভাড়া নিয়ে নাবালিকার উপর যৌন নিপীড়ন চালানো হয়। সেই মামলায় পাঁচজনের সাক্ষীর ভিত্তিতে অভিযুক্তকে ২০ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে, ২০১৫ সালে জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্য একটি পকসো মামলায় আরএক যুবককে তিনবছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট আদালত।
সম্পর্কিত সংবাদ