নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সোমবার সাতসকালে একটি লরি ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে দু’জন জখম হলেন। হরিহরপাড়া-নওদা রাজ্য সড়কের ট্যাংরামারি মাঠে এই দুর্ঘটনা ঘটে। এদিন ভোরে ট্রেকারটি নওদার দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রেকারটি সম্পূর্ণ উল্টে যায়। বিকট আওয়াজ শুনে পথচারীরা এসে যাত্রীদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জখমরা হরিহরপাড়া থানা এলাকার বাসিন্দা। হরিহরপাড়ার চোয়া এলাকায় টোটো উল্টে তিন যাত্রী জখম হয়েছেন। নওদার আমতলা থেকে একটি টোটো যাত্রী নিয়ে হরিহরপাড়ার দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসা একটি বাইককে বাঁচাতে গিয়ে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই টোটোয় থাকা তিন মহিলা জখম হন। তাঁদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে এক মহিলা যাত্রীর অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। হরিহরপাড়ার হাসপাতাল মোড় লাগোয়া এলাকায় চলন্ত টোটো ভেঙে চারজন জখম হলেন। এদিন দুপুরে হরিহরপাড়ার নিশ্চিন্তপুর থেকে টোটোয় চেপে জমি রেজিস্ট্রি করতে যাচ্ছিলেন চার ব্যক্তি। নিয়ন্ত্রণ হারিয়ে চাকা খুলে টোটোটি ভেঙে পড়ে। জখমদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিস।



