Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তিনটি বাড়ি গুঁড়িয়ে দিল হাতি

তিনটি বাড়ি গুঁড়িয়ে দিল হাতি
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বৃহস্পতিবার রাতে বানারহাটে তিনটি বাড়ি গুঁড়িয়ে দেয় হাতি। ডায়নার জঙ্গল থেকে বেরিয়ে বানারহাট-২ গ্রাম পঞ্চায়েতের দেবপাড়ায় হানা দেয় দাঁতালটি। সুভাষ বরাইক, মাধো মুণ্ডা ও লক্ষ্মণ বরাইকের বাড়ি ভেঙে ঘরে মজুত চাল-ডাল, সব্জি সাবাড় করে ওই বুনো। কোনওমতে পালিয়ে প্রাণ বাঁচান পরিবারের সদস্যরা। হাতির হানার খবর পেয়ে বাসিন্দারা পটকা ফাটাতে শুরু করেন। খবর পেয়ে চলে আসে বনদপ্তরের ক্যুইক রেসপন্স টিম। বেশ কিছুক্ষণের চেষ্টায় তারা হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠায়। 
Advertisement
স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বসন্ত বরাইক বলেন, হাতি ঘর ভেঙে দেওয়ায় প্রচণ্ড শীতে পরিবারগুলি খুবই সমস্যায় পড়ল। তাদের রেশনের জন্য এদিন বিডিও অফিসে যাওয়া হয়েছিল। প্রশাসন পাশে থাকার আশ্বাস দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুভাষ বরাইক কেরলে কাজে গিয়েছেন। মাধো মুণ্ডার বয়স প্রায় ৫৫। তিনি সেই অর্থে কোনও কাজ করেন না। লক্ষ্মণ বরাইক এলাকার স্কুলে পাহারাদার হিসেবে নিযুক্ত। সুভাষ ও লক্ষ্মণের ঘর ইটের গাঁথনির ছিল। মাধোর বাড়ি ছিল টিনের। হাতি সব ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এদিকে হাতির হানা রুখতে ওই এলাকায় রাত জাগতে শুরু করেছেন বাসিন্দারা।
সম্পর্কিত সংবাদ