Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূলের অনুষ্ঠানে সংবর্ধনা বিডিওকে! সমাজ মাধ্যমে ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

তৃণমূলের অনুষ্ঠানে সংবর্ধনা বিডিওকে! সমাজ মাধ্যমে ভাইরাল ছবি ঘিরে বিতর্ক
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: রাজনৈতিক মঞ্চে ‘অতিথি’ বিডিও! তৃণমূল মহিলা কংগ্রেস আয়োজিত বনভোজনে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেওয়া হয় সমষ্টি উন্নয়ন আধিকারিককে। এই ঘটনায় রানঘাটে শোরগোল পড়ে গিয়েছে। সরকারি আধিকারিককে ‘পলিটিক্যাল ক্যাডার’ বলে আক্রমণ শানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও পাল্টা যুক্তি দিয়েছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ওই আধিকারিক। 
Advertisement
ঘটনাটি ঘটেছে বুধবার। আনুলিয়া অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয়েছিল ঘোষপাড়ার একটি আমবাগানে। সেখানেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের বিভিন্ন রাজনৈতিক পদাধিকারী। তার ঠিক দু’ দিন বাদে, অর্থাৎ শুক্রবার সামাজিক মাধ্যমে একটি ভাইরাল ছবিকে (ছবির সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’) কেন্দ্র করে দানা বাঁধে বিতর্ক। তাতে দেখা যায়, পারুলিয়া অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের ওই বনভোজনে সংবর্ধনা নিচ্ছেন রানাঘাট ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দেব মণ্ডল। উত্তরীয় পরিয়ে তাঁকে সেই সংবর্ধনা দিচ্ছেন স্থানীয় এক তৃণমূল নেতা। পিছনে জ্বলজ্বল করছে রাজনৈতিক ব্যানার এবং তৃণমূলের পতাকা। স্বাভাবিকভাবেই ভাইরাল এই ছবিকে কেন্দ্র করে যেমন বিতর্ক সৃষ্টি হয়েছে, তেমনই সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়েনি বিরোধীরাও। বিজেপির তরফে সরকারি ওই আধিকারিককে ‹পলিটিকাল ক্যাডার› বলে আক্রমণ করা হয়েছে। বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি তথা রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, তা হবে না কেন! এখন তো তৃণমূল কংগ্রেস দলটাকে চালাচ্ছেই সরকারি আমলারা। তাদের ছাড়া তৃণমূলের অস্তিত্ব কী? রাজনৈতিক কর্মসূচি থেকে তৃণমূলের যা কিছু, সবেতেই আমলারা রাজনৈতিক নেতাদের মতো অংশগ্রহণ করছেন। তৃণমূলের রাজনৈতিক অনুষ্ঠানে বিডিও যাবেন, এতে অবাক হওয়ার আর কী আছে।
যদিও ওই রাজনৈতিক মঞ্চে তিনি আমন্ত্রিত ছিলেন না বলে সাফ জানিয়েছেন বিডিও জয়দেব মণ্ডল। তিনি বলেন, আমাদের ব্লকের একটি বৈঠক ছিল পায়রাডাঙ্গা এলাকায়। আমার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। একসঙ্গে ওই রাস্তা দিয়ে ফিরছিলাম। তখন উনি আমাকে বলেন, দুই মিনিটের জন্য তিনি সেই অনুষ্ঠানে গিয়েই ব্লক অফিসে ফিরবেন। আমি যেন একটু সেখানেই অপেক্ষা করে যাই। তাই আমাকে যেতে হয়েছিল। আর সেখানে কোনও রাজনৈতিক পতাকা ছিল না। সমষ্টি উন্নয়ন আধিকারিকের বক্তব্যকে সমর্থন করে রানাঘাট ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ বলেন, উনি যে কথা বলেছেন তা সত্যি। আমার একসঙ্গে ব্লক অফিসে ফেরার কথা ছিল। যেহেতু দলের অনুষ্ঠান তাই আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। আমি স্যারকে বলেছিলাম একটু আমার সঙ্গে দাঁড়িয়ে যান। একসঙ্গেই ফিরব। সেখানে রাজনৈতিক কোনও পতাকা ছিল না।
সম্পর্কিত সংবাদ