Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূলের জেতা সংসদে পঞ্চায়েতের সার্টিফিকেট নিতে লাগবে বিজেপির বুথ সভাপতির সুপারিশ!

তৃণমূলের জেতা সংসদে পঞ্চায়েতের সার্টিফিকেট নিতে লাগবে বিজেপির বুথ সভাপতির সুপারিশ!
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: তৃণমূলের জেতা সংসদে পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য দলের বুথ সভাপতির সুপারিশ বাধ্যতামূলক করল বিজেপির গ্রাম পঞ্চায়েত। এনিয়ে বুধবার নন্দীগ্রাম-২ ব্লকে বিরুলিয়া পঞ্চায়েত অফিসে ব্যাপক উত্তেজনা ছড়াল। প্রধানের আজব ফরমানে সক্রিয় তৃণমূল কর্মীরা বিপাকে পড়েছেন। তাঁরা পঞ্চায়েত সদস্যের লিখিত সুপারিশ নিয়ে যাওয়ার পরও ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এদিন পূর্ব ঘোলপুকুরিয়া বুথ থেকে হিমাংশু জানা এবং প্রতিমা সরকার পঞ্চায়েত অফিসে সার্টিফিকেটের জন্য গিয়েছিলেন। হিমাংশুবাবুর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং প্রতিমা কন্যাশ্রী প্রকল্পের জন্য অবিবাহিত শংসাপত্র আনতে গিয়েছিলেন। তাঁরা নিয়ম অনুযায়ী ওই বুথের নির্বাচিত সদস্যা রাধারানি মণ্ডলের লিখিত সুপারিশ নিয়ে যান। কিন্তু বিজেপির পঞ্চায়েত প্রধান মৈত্রী গুড়িয়া দাস তা গ্রাহ্য করেননি বলে অভিযোগ। এনিয়ে পঞ্চায়েত অফিসে তুমুল গণ্ডগোল বাধে।
Advertisement
হিমাংশু জানা বলেন, আমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য পঞ্চায়েত অফিসে যাই। সঙ্গে পঞ্চায়েত সদস্যার লিখিত সুপারিশও ছিল। কিন্তু প্রধানের দাবি, বিজেপির বুথ সভাপতির কাছ থেকে সুপারিশ আনতে হবে। পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য বিজেপির বুথ সভাপতির কাছে যেতে হবে কেন? তিনি জনপ্রতিনিধি নন। পঞ্চায়েতের সার্টিফিকেট দেওয়া নিয়ে অদ্ভুত ফরমান জারি করেছেন প্রধান।
এনিয়ে বিজেপির পঞ্চায়েত প্রধান মৈত্রীদেবী বলেন, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা রাধারানি মণ্ডল স্বনির্ভর সঙ্ঘের নেত্রী। ওই সঙ্ঘের সঙ্গে ঝামেলার কারণে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। এদিন কয়েকজন সার্টিফিকেট নিতে এসে আমাকে মারধর করার হুমকি দেয়। মহিলা ডেকে এনে হামলার হুমকি দেওয়া হয়। আমি তার প্রতিবাদ করেছি। বিজেপির বুথ সভাপতির থেকে সুপারিশপত্র আনার কথা বলিনি। বিরুলিয়া অঞ্চল তৃণমূল সভাপতি অরুণাভ জানা বলেন, রাধারানি মণ্ডলের এলাকা থেকে কেউ সার্টিফিকেট আনতে গেলে ঝামেলা করছেন প্রধান। রাধারানি আমাদের পার্টির পঞ্চায়েত সদস্যা। তাঁর এলাকা থেকে বিজেপির বুথ সভাপতির সুপারিশ গ্রাহ্য হবে বলে প্রধান ফতোয়া জারি করেছেন। বিষয়টি বিডিও অফিসের নজরেও আনা হয়েছে। এই ফতোয়ায় অনেকেই সার্টিফিকেট পাচ্ছেন না। বুধবার প্রতিমাদের সার্টিফিকেট দেওয়া হয়নি। তাঁরা বিডিও অফিসে গেলে ওই পঞ্চায়েতের কর্মীর কাছে পাঠানো হয়। যদিও এদিন সার্টিফিকেট দেওয়া হয়নি। আগামী সপ্তাহে পঞ্চায়েত অফিসে যেতে বলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ