নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত হল কুলটি। কেন্দুয়াবাজার নিচুপাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিটের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার আসানসোলের ৬৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি মহম্মদ জমির কুরেশির বাড়ির সামনে একটি অনুষ্ঠানের জন্য আনা বাসনপত্র রাখা হয়। জমির কুরেশি তা রাখা নিয়ে আপত্তি জানান। যাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়। অভিযোগ, অশান্তি করার জন্যই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার আখতার হোসেন এই বাসন রাখা করিয়েছেন। জমির কুরেশি স্থানীয় কাউন্সিলার নাদিম আখতারকে এলাকায় ডেকে আনেন। ঘটনাস্থলে উপস্থিত হয় আখতার হোসেনও। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে মারপিট শুরু হয়। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।



