সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের একটি নার্সিং হোমে প্রসূতির মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। গত ২৩ জুলাই আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের খলিসামারীর বাসিন্দা শ্রেয়সী সরকার (২৪) শহরের একটি নার্সিং হোমে ভর্তি হন। ওই দিন বিকালে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এই পর্যন্ত ঠিকই ছিল। শ্রেয়সীদেবীর স্বামী মানিক সরকার জানান, ‘ওই দিন সন্ধ্যা ৭টা নাগাদ হঠাৎ নার্সিং হোম থেকে ফোন করে জানানো হয় স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিছুক্ষণ পরে ফের নার্সিং হোম কর্তৃপক্ষ জানায় ও মারা গিয়েছে।’
মানিকবাবু বলেন, ‘গত সাত মাস ডাক্তার সি আর দাস আমার স্ত্রীর চিকিৎসা করেছেম। কিন্তু উনি কোনো দিন বলেননি শ্রেয়সীর কোনো সমস্যা আছে। তাহলে হঠাৎ কী এমন হল আমার স্ত্রী মারা গেল? ওর চিকিৎসায় গাফিলতি হয়েছে। আমি এর বিচার চাই।’
স্ত্রী মৃত্যুতে চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে মানিকবাবু শুক্রবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের কপি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও স্থানীয় বিধায়ক পরিতোষ দাসের কাছেও পাঠানো হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে চিকিৎসক কে সি দাস বা ওই নার্সিং হোম কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি। তবে পুলিশ সুপার অমিত কুমার শাহ জানান, অবশ্যই এই অভিযোগের তদন্ত হবে।