Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল যুব নেতার গাড়ি লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য

তৃণমূল যুব নেতার গাড়ি লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরে তৃণমূল যুব নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার গভীর রাতে শহরের রিংরোড এলাকায় ওই ঘটনা ঘটে। বহরমপুর টাউন তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলির আঘাতে নেতার গাড়ির কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে তাঁর কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিস জানিয়েছে। জানা গিয়েছে, সবসময় ওই যুবনেতার সঙ্গে একজন বেসরকারি নিরাপত্তারক্ষী থাকেন। ওইদিন ঘটনার সময় তাঁর নিরাপত্তারক্ষী সঙ্গে ছিলেন না। সেই সুযোগে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার পর ওই যুবনেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কী উদ্দেশে কারা এই ঘটনা ঘটাল, তার তদন্ত শুরু করেছে পুলিস। গুলি চালানোর ঘটনার খবর পেয়ে রাতেই দ্রুত এলাকায় পৌঁছয় বহরমপুর থানার পুলিস। যদিও সেই সময় এলাকায় তারা কাউকে খুঁজে পায়নি। তদন্তের জন্য পুলিস তৃণমূল নেতার গাড়িটি থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বুলেটের ফাঁকা খোল। যুবনেতার স্ত্রী সুষমা ঘোষ বহরমপুর লাগোয়া মণিন্দ্রনগর পঞ্চায়েতের প্রধান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবনেতা পাপাইয়ের একাধিক ব্যবসা রয়েছে। যদিও ওই তৃণমূল নেতার দাবি, রাজনৈতিক কারণেই তাঁর উপর হামলা।  পাপাই বলেন, আমার সঙ্গে সবসময় একজন বেসরকারি নিরাপত্তারক্ষী থাকেন। ওই রাতে আমি তাঁকে একটি জায়গায় নামিয়ে বাড়ি ফিরছিলাম। তখনই আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে কোনও গুলি আমার লাগেনি। বুলেটের আঘাতে গাড়ির কাচ ভেঙে গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ