সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাটে তৃণমূল যুব কংগ্রেসে রদবদল হল। এতদিন রামপুরহাট-১ ব্লক ও শহরে সংগঠনের যুব সভাপতি হিসেবে ছিলেন যথাক্রমে পান্থ দাস এবং ওয়াসিম আলি ভিক্টর। মঙ্গলবার রাতে তাঁদের সরিয়ে রামপুরহাট শহর সভাপতির পদে আনা হয়েছে রাজীব শেখকে ও রামপুরহাট-১ ব্লকের দায়িত্ব পেয়েছেন জহরুল ইসলাম। সংগঠনের জেলা সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলের সিদ্ধান্ত মেনেই এই রদবদল। দলীয় সূত্রে জানা গিয়েছে, চল্লিশের বেশি বয়স হলে কেউ যুব সভাপতি পদে থাকতে পারবে না। পান্থ দাসের বয়স চল্লিশ পেরিয়ে গিয়েছে। তাই তাঁর জায়গায় দলের মাদার পার্টির ব্লকের সাধারণ সম্পাদক জহরুল ইসলামকে আনা হয়েছে। অন্যদিকে, দলের সিদ্ধান্ত মতো ভিক্টরের জায়গায় রাজীবকে দায়িত্ব দেওয়া হয়েছে। জহরুল বলেন, দল যা দায়িত্ব দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করব। ভিক্টর বলেন, দলের সিদ্ধান্ত মেনে এই রদবদল হয়নি। আমি জেলা যুব সভাপতির বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানাব।



