সংবাদদাতা, সিউড়ি: লোকসভা নির্বাচনে বীরভূমে সার্বিক ভাবে জিতেছিল তৃণমূল। কিন্তু বেশকিছু পুরসভা এবং পঞ্চায়েত এলাকায় পিছিয়ে পড়েছিল শাসক দল। সেই কারণেই জেলার বেশকিছু পুরসভা ও পঞ্চায়েত এলাকায় পদাধিকারীদের রদবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জেলার বিভিন্ন শহরের চায়ের দোকান, সরকারি অফিস থেকে শুরু করে শাসক দলের কার্যালয়গুলিতে কর্মীদের মুখে এখন একটাই প্রসঙ্গ— কারা কারা নিজেদের পদ হারাতে চলছেন। বীরভূম লোকসভা কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন সাংসদ শতাব্দী রায়। কিন্তু সেই জয়ের ফাঁকে সিউড়ি, দুবরাজপুর পুরসভার বহু ওয়ার্ডে বিজেপি এগিয়ে গিয়েছিল। সিউড়িতে পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে এগিয়েছিল বিরোধীরা। বোলপুর ও রামপুরহাট পুরসভাতেও বিরোধীরা এগিয়েছিল অনেকগুলি ওয়ার্ডে। এছাড়া জেলার বেশকিছু পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়ে বিজেপির দখলে গিয়েছিল। সেইসব এলাকাতেও লোকসভা নির্বাচনে পিছিয়ে পড়েছিল তৃণমূল। দলীয় ভাবে এই সব পিছিয়ে পড়া জায়গা থেকে দলীয় পদাধিকারীদের সরানোর সিদ্ধান্ত নিতে পারে ঘাসফুল শিবির। যদিও এই বিষয় নিয়ে দলের নেতৃত্ব মুখ খুলতে নারাজ। কিন্তু জেলার বেশ কয়েকটি পুরসভার চেয়ারম্যান বদল হওয়ার কথা ঘোরাফেরা করছে লোকমুখে। দলীয় কর্মীদের মধ্যেও চলছে এই নিয়ে জল্পনা। দলের নিচুতলার কর্মীদের অনেক ঘনিষ্ঠ মহলে জানাচ্ছেন, এই ধরনের রদবদল তাঁরাও সমর্থন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নিচুতলার তৃণমূল কর্মী জানাচ্ছিলেন, একই পদে দীর্ঘদিন ধরে থাকায় অনেক নেতারই আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। তৃণমুল সূত্রে জানা যাচ্ছে, গত বিধানসভা ভোটের পর থেকে একাধিক নির্বাচনে বেশকিছু এলাকায় দলের ফল ভালো হয়নি।



