নিজস্ব প্রতিনিধি, আসানসোল: তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসুর মন্তব্য ঘিরে আসানসোলে বিতর্ক শুরু হল। প্রতিবাদে বৃহস্পতিবার জিটি রোড অবরোধ করে তৃণমূল নেতার ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিও যাচাই করেনি ‘বর্তমান’। যেখানে তৃণমূল নেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলছে তৃণমূলে আসতে গেলে চুরি করতে হয়? এইসব বাজে মাল বাজে লোক কী বোঝাতে চাইছে?’ এই মন্তব্যকে সামনে রেখে এদিন রাস্তায় নামে বিজেপি। বিজেপি নেতারা মিছিল করে এসে কর্পোরেশন মোড়ের কাছে তাঁর ছবি পুড়িয়ে প্রতিবাদ জানায়। যদিও ভি শিবদাসন দাসুর দাবি, আমার মন্তব্যের ভুল ব্যাখা করা হচ্ছে। উনি আমার দল, আমার নেত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেন। আমাদের দলের নেতাদের চোর বলছেন। আমি তার প্রতিবাদ করেছি।



