Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি

তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: সুস্বাস্থ্য কেন্দ্রের পরে এবার তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে বোমাবাজি। দিনহাটা-২ ব্লকের বাসন্তীরহাটে পরপর দুই রাতে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে বাসন্তীরহাটে সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে বোমাবাজি হয়। মঙ্গলবার রাতে ওই এলাকারই তৃণমূলের দিনহাটা-২ ব্লক সহ সভাপতি বিশ্বনাথ কিন্নরের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত করছে সাহেবগঞ্জ থানার পুলিস। 
Advertisement
মঙ্গলবার গভীর রাতে বাসন্তীরহাট বাজার সংলগ্ন বিশ্বনাথ কিন্নরের বাড়িতে বোমাবাজি করে একদল দুষ্কৃতী। ওই সময় বিশ্বনাথবাবুর বয়স্ক মা বাড়িতে ছিলেন। বোমা ফাটার শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিসকে জানান বিশ্বনাথবাবু। রাতেই তিনি বাড়ি এসে দেখেন ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের একাংশ। বোমাবাজির ঘটনায় বাড়ির জানালার কাচ, দরজা সহ বেশকিছু অংশ নষ্ট হয়েছে। এদিকে, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় নাজিরহাট ক্যাম্পের পুলিস। বোমাবাজির বিকট শব্দে বাইরে এসে জড়ো হন স্থানীয়রা। ততক্ষণে অবশ্য দুষ্কৃতীরা পালিয়ে যায়। অন্ধকারে দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি বলে স্থানীয়রা জানান। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, পরপর দুই দিন একই কায়দায় বোমা ফাটিয়েছে দুষ্কৃতীরা। কারা এই ঘটনার পিছনে জড়িত, তা জানতে সূত্রকে লাগানো হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 
বিশ্বনাথ কিন্নর বলেন, ৬ জানুয়ারি রাতে বাসন্তীরহাটে সুস্বাস্থ্য কেন্দ্রের মাঠে বোমাবাজি করে সমাজবিরোধীরা। সেই ঘটনার আমি প্রতিবাদ করেছিলাম, কারণ আমি কখনই চাই না বাসন্তীরহাটে কোনওরকম অশান্তি হোক। সেই ঘটনার জেরেই হয়তো সমাজবিরোধীরা আমার বাড়িতে বোমাবাজি করল। ঘটনার সময় বাড়িতে মা একাই ছিলেন। বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র বলেন, বোমাবাজির ঘটনার তদন্ত চলছে।
সম্পর্কিত সংবাদ