Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ আইএসএফ প্রধানের বিরুদ্ধে  

তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ আইএসএফ প্রধানের বিরুদ্ধে
 
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠল আইএসএফের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি কালিয়াচক থানার এলাকার যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। অভিযোগ, তৃণমূল কর্মী নাসিম শেখের কাছ থেকে ওই এলাকার পঞ্চায়েত প্রধান আবু জাহেদ পাঁচ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু টাকা চাইতে গেলে বারবার নাসিমকে ফিরিয়ে দিতেন তিনি। কিছুদিন আগে এনিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়। তখন টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন জাহেদ। সম্প্রতি নাসিম টাকা চাইতে গেলে জাহেদ ফেরত দিতে চাননি। দু’দিন আগে জাহেদকে দেখতে পেয়ে‌ তাঁর পথ আটকে টাকা চান নাসিম। এরপর কাছেই নাসিমের এক আত্মীয় তৃণমূল কর্মী আমিন শেখের বাড়িতে হামলা চালান জাহেদের লোকজন। আমিনসহ তাঁর পরিবারের কয়েকজনকে মারধরের পর ভাঙচুর করা হয় মোটরবাইক এবং ঘরের আসবাবপত্র। দু’পক্ষই কালিয়াচক থানায় লিখিত অভিযোগ করে। পুলিস মঙ্গলবার রাতে এফআইআর করে তদন্ত শুরু করেছে।
Advertisement
আমিনের বক্তব্য, সোমবার রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ আমার বাড়িতে জাহেদ এবং তার কয়েকজন সঙ্গী এসে মারধর করে এবং বাইক, অন্যান্য সামগ্রী ভেঙে দেন। বিষয়টি অস্বীকার করে জাহেদ বলেন, পাওনা মিটিয়ে দিয়েছি। কিছুদিন ধরে ফের টাকা দাবি করছিল নাসিম। সে এবং আমিন আমাকে অপহরণ করেছিল। আমার পরিবার কালিয়াচক থানায় যাচ্ছে শুনেই অবশ্য তারা ছেড়ে দিয়েছে।
সম্পর্কিত সংবাদ