Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল কর্মী খুন: ড্রোন উড়িয়ে দুই সন্দেহভাজনকে পাকড়াও

তৃণমূল কর্মী খুন: ড্রোন উড়িয়ে দুই সন্দেহভাজনকে পাকড়াও
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা: কালিয়াচকে তৃণমূল কর্মী খুনের ৪৮ ঘণ্টা পরও অধরা মূল অভিযুক্ত জাকির শেখ। তার সন্ধান পেতে এবার ড্রোন উড়িয়ে তল্লাশি চলল দিনভর। জাকিরের নাগাল পেতে ইতিমধ্যেই মালদহের সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে।  চিরুনি তল্লাশি শুরু হয়েছে মালদহ জুড়ে। তল্লাশি চালানো হচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলিতেও। মালদহের পুলিস সুপার প্রদীপ কুমার যাদব বলেন, দোষীদের খোঁজে তল্লাশি চালান হচ্ছে। 
Advertisement
কালিয়াচকের নওদা যদুপুরের বেশকিছু জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে ড্রোন উড়িয়ে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালায় পুলিস। এরই মধ্যে বালুয়াচড়া এলাকায় একটি মাঠে গোপন একটি ডেরার সন্ধান পায় পুলিস। সেখান থেকে দুই সন্দেহভাজন যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। 
মঙ্গলবার সকালে একটি রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তৃণমূল নেতা বকুল শেখ। তাঁকে ও সঙ্গীদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তাঁর সঙ্গে থাকা কর্মী আতাউর হককে মাথায় ইট দিয়ে থেঁতলে খুন করে দুষ্কৃতীরা। ইটের ঘায়ে গুরুতর জখম হন তৃণমূলের নওদা যদুপুরের অঞ্চল সভাপতি বকুল শেখ ও এসারুদ্দিন শেখ। এই ঘটনায় এলাকার আরেক ডাকাবুকো তৃণমূল নেতা জাকির শেখের দিকে আঙুল তুলেছেন আহতরা।  এদিকে ঘটনার পর থেকেই ঘরছাড়া জাকির। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন ড্রোন উড়িয়ে তল্লাশি চালানোর সময় মাঠের মধ্যে থাকা একটি ডেরায় দু’জনকে লুকিয়ে থাকতে দেখে। এরপর তাদের আটক করা হয়।
এদিকে হামলার ঘটনায় তৃণমূল ব্লক সভাপতি সারিউল শেখের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন যদুপুর অঞ্চল সভাপতি বকুল শেখের ভাই আজমল শেখ। তাঁর মন্তব্য, জাকির দীর্ঘদিন এলাকায় প্রভাব বাড়ানোর চেষ্টা করছিল।  দাদার জন্য কিছু করতে পারছিল না। সেজন্য ফের কংগ্রেসে ফিরে যায় জাকির। ফের সে তৃণমূলে যোগ দিতে চাইলে সারিউলকে বারণ করেছিল দাদা। কিন্তু কথা শোনেনি। যদিও সারিউলের বক্তব্য, জাকিরকে দলে ফেরানো হয়নি।
সম্পর্কিত সংবাদ