Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল বিধায়কের হোয়াটসঅ্যাপ হ্যাক

তৃণমূল বিধায়কের হোয়াটসঅ্যাপ হ্যাক
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বেলদা: সাতসকালে হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে পুরস্কারের টাকা দেওয়া হচ্ছে। সঙ্গে একটি লিংক। খোদ বিধায়কই করেছেন এমন মেসেজ। আর যা দেখে বিধায়ককে ফোন করতেই বের হল আসল তথ্য। বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্টের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিভিন্ন জনের মোবাইলে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের টাকা পাওয়ার মেসেজ। আর তার সঙ্গে রয়েছে একটি লিঙ্ক। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূল বিধায়ক সূর্যকান্তর মোবাইল নম্বর থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, দলীয় কর্মী, সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন অফিসার সকলের মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ যায়। যাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লোগো সহ ছবি দিয়ে লেখা ছিল আপনি ব্যাঙ্কের পক্ষ থেকে ৭২৫০ টাকা পুরস্কার পেয়েছেন। আর তা পেতে গেলে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। ওই মেসেজের সঙ্গে একটি অ্যাপ ইন্সটলের লিঙ্ক দেওয়া ছিল। আর এই ঘটনায় বিব্রত হয়ে পড়েন বিধায়ক। বিধায়ক বলেন, সকাল থেকে সাংবাদিক থেকে দলীয় কর্মী সকলেই আমাকে ফোন করে এই মেসেজ সম্পর্কে জানতে চান। তখন আমি মোবাইল খুলে দেখি আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গিয়েছে। কোনওভাবেই তা খুলতে পারছি না। পরে আমার সোশ্যাল মিডিয়ার এক কর্মীকে দিয়ে অ্যাপটি আন ইনস্টল করার পর ঠিক  হয়। জানি না কীভাবে এই ঘটনা ঘটেছে। আমি পুলিস সুপারকে বিষয়টি জানিয়েছি। সাইবার ক্রাইম দপ্তরেও অভিযোগ করেছি। সবাইকে বলব এই মেসেজ এড়িয়ে যেতে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে,  বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই লিঙ্কে ক্লিক করে অ্যাপ ইনস্টল করে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা তার খোঁজ চলছে। বেড়ে চলা সাইবার ক্রাইমের নিত্য নতুন পদ্ধতিতে ধন্ধে পড়ছেন তদন্তকারী অফিসাররাও।
সম্পর্কিত সংবাদ