নগরকুর্নুল: পাঁচদিন অতিক্রান্ত। তেলেঙ্গানার টানেলে আটকে পড়া আটজনের কোনও সাড়াশব্দই পাচ্ছেন না উদ্ধারকারীরা। সেনা, নৌবাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা দল এবং র্যাট মাইনারদের যৌথ দল জোরকদমে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পরিস্থিতি যে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে এটা স্বীকার করে নিচ্ছেন উদ্ধারকারীরা। বুধবার রাত থেকে নতুন করে টানেল কাটার মেশিন দিয়ে অন্য একটি দিকে অভিযান শুরু হয়েছে। জল এবং কাদা উদ্ধারকাজে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কাজেই ওই আটজন যেখানে আটকে রয়েছেন, সেখানে পৌঁছতে নানা ধরনের প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। পুলিস সুপার বৈভব গায়কোয়াড় বলেন, ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি টানেলের যে অংশ ভেঙে গিয়েছে তা সারাইয়ের চেষ্টা হচ্ছে। সময়মতো জল পাম্প করা হচ্ছে, যাতে টানেলের ভিতরে তা জমতে না পারে। তবে আটকদের কোনও হদিশ মেলেনি।



