Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তাণ্ডব চালাল ১৫টি হাতি

তাণ্ডব চালাল ১৫টি হাতি
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: শুক্রবার গভীর রাতে ১৫টি হাতি দলগাঁও জঙ্গল থেকে বেরিয়ে তাণ্ডব চালাল ফালাকাটা ব্লকের জটেশ্বর-১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। কয়েক বিঘা সব্জি খেত নষ্ট সহ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় দলটি। রাতভর আতঙ্কে কাটাতে হয় দু’টি গ্রামের বাসিন্দাদের। বনদপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যার পর হাতির দলকে ফের জঙ্গলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ঘন কুয়াশার মধ্যে দলগাঁও জঙ্গল থেকে ১৫টি হাতি বেরিয়ে মালসাগাঁও হয়ে লোকালয়ে ঢুকে পড়ে। সেখানে কয়েক বিঘা সব্জি খেত নষ্ট করে দেয়। বনদপ্তরে খবর দেওয়া হলেও ঘন কুয়াশার মধ্যে হাতির দলটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়নি। শনিবার সকালে দলটি ব্লকের প্রমোদনগরে ঢুকে পড়ে। এলাকার কাঁঠালবাড়ি, নবনগর, ধুলাগাঁও হয়ে তাসাটি চা বাগানে পৌঁছয় হাতিগুলি। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। বাড়িতে মজুত করে রাখা খাদ্যশস্য নষ্ট করে দেয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হাতির দলটি সরুগাঁও ঘাট পাড়ের লান্দু ওরাওঁ-এর বাড়িতে ভাঙচুর চালায়। প্রমোদনগরের নোটাপাড়ার গণেশ সেনের কফি খেত, অর্জুন হোড় ও দিলীপ সেনের সব্জি খেত নষ্ট করেছে। এদিকে, এদিন সকালে হাতির দলকে দেখতে উৎসাহী মানুষের ভিড় জমে যায়। দলগাঁওয়ের রেঞ্জার ধনঞ্জয় রায় বলেন, হাতিগুলিকে ফের জঙ্গলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে হাতির দলের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ