Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তিনবছরের কন্যার হাতে মোবাইল দিয়ে আউটডোরে মা, ভর্ৎসনা পুলিসের

তিনবছরের কন্যার হাতে মোবাইল দিয়ে আউটডোরে মা, ভর্ৎসনা পুলিসের
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: ট্রাফিক পুলিস ও শিলিগুড়ি জেলা হাসপাতালের নিরাপত্তা কর্মীদের তৎপরতায় মা’কে খুঁজে পেল বছর তিনেকের এক শিশু। সোমবার জেলা হাসপাতালে আউটডোরে ডাক্তার দেখাতে এসেছিলেন এক মহিলা। সুলভ শৌচালয়ের সামনে সন্তানের হাতে মোবাইল ফোন দিয়ে বসিয়ে রেখে তিনি ডাক্তার দেখাতে যান। ডাক্তার দেখাতে কিছুটা সময় লেগে যায়। মা আসছে না দেখে বাচ্চাটি কাঁদতে কাঁদতে রাস্তায় ঘোরাঘুরি করতে থাকে। একটি শিশুকে কাঁদতে দেখে কর্তব্যরত ট্রাফিক পুলিস ও হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়। তারা শিশুকে নিরাপদ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের চেষ্টা চালান। মুহূর্তের মধ্যে  হাসপাতাল থেকে শিশু নিখোঁজের খবর চাউর হয়। 
Advertisement
যদিও পরে সেই ভুল ভাঙে। হাসপাতাল সুপার ডাঃ চন্দন ঘোষ বলেন, একটি শিশুকে কাঁদতে কাঁদতে ঘুরতে দেখে আমাদের সিকিউরিটি গার্ড ও ট্রাফিক পুলিস নিজেদের কাছে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও শিশুটি বিশেষ কিছু বলতে পারছিল না। তারপর হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রতিটি আউটডোরে জিজ্ঞাসাবাদ এবং মাইকিং করে শিশুর অভিভাবকের খোঁজ শুরু করা হয়। বেশ কিছুক্ষণ পরে এক মহিলা এসে জানায় ওই শিশুকন্যা তাঁর। আউটডোরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সেখানে দেরি হয়ে যায় তাঁর। দায়িত্বজ্ঞানহীন কাণ্ডের জন্য ট্রাফিক পুলিস ও উপস্থিত সকলে মহিলাকে ভর্ৎসনা করেন। কন্যাসন্তান তার মা’কে চিনতে পারে। পরে মহিলার হাতে শিশুকে তুলে দেওয়া হয়। এরপর সকলেই হাঁফ ছেড়ে বাঁচেন। 
সম্পর্কিত সংবাদ