Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টানা তিন ম্যাচ জয়ের স্বাদ পেল ইস্ট বেঙ্গল

টানা তিন ম্যাচ জয়ের স্বাদ পেল ইস্ট বেঙ্গল
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: অবশেষে স্বপ্নপূরণ। আইএসএলে পাঁচ মরশুমের পথচলায় প্রথমবার টানা তিন ম্যাচ জয়ের স্বাদ পেল ইস্ট বেঙ্গল। সেই সঙ্গে জিইয়ে রাখল প্লে-অফের ক্ষীণ আশা। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গানে হায়দরাবাদ এফসি’কে ২-০ গোলে হারাল অস্কার ব্রুজোঁ ব্রিগেড। মনোজ মহম্মদের আত্মঘাতী গোলে লিড নেওয়ার পর সংযোজিত সময়ে জাল কাঁপিয়ে দলের জয় নিশ্চিত করেন মেসি বৌলি। ২২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের অষ্টম স্থানে লাল-হলুদ ব্রিগেড। পক্ষান্তরে, সমসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে হায়দরাবাদ। জিতলেও এএফসি চ্যালেঞ্জ লিগের আগে দলের পারফরম্যান্স মোটেই স্বস্তিতে রাখবে না কোচ অস্কারকে।
Advertisement
উইংয়ে মহেশ ও নিশু কুমারকে রেখে চেনা ৪-৪-২ ফর্মেশনেই দল সাজিয়েছিলেন ইস্ট বেঙ্গল কোচ। তবে প্রান্তিক আক্রমণ থেকে চাপ বাড়ানোর চেষ্টা ব্যর্থ লাল-হলুদ ব্রিগেডের। পাল্টা ৪ মিনিটেই অলবার কর্নার থেকে এডমিলসনের হেড লক্ষ্যে থাকলে বিপদ বাড়ত। অবশ্য কিছুক্ষণের মধ্যে লিড নিতে পারত ইস্ট বেঙ্গলও। ৮ মিনিটে বাঁপ্রান্ত থেকে নিশুর মাইনাসে পা ছোঁয়াতে পারেননি দিয়ামানতাকোস। ১৬ মিনিটে আরও এক সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি। এরপরেও বিদেশি বলে অস্কারের গুডবুকে থাকবেন এই গ্রিক স্ট্রাইকার। আর দিনের পর দিন বেঞ্চেই বসে থাকতে হবে ডেভিডকে। ৪৫ মিনিটে এডমিলসনের জোরাল শট পোস্টে প্রতিহত না হলে লিড নিতে পারত হায়দরাবাদ। লাল-হলুদ রক্ষণ শুরু থেকেই ম্যালেরিয়া রুগির মতো কাঁপল। উইংব্যাকে রাকিপ ও লাকরাদের মোটা টাকা ব্যয়ে দলে রাখা বিলাসিতা। ভাগ্যিস উল্টোদিকে মোহন বাগান, গোয়া বা জামশেদপুর ছিল না। তাই প্রথমার্ধ কোনওক্রমে গোলশূন্য রেখে মাঠ ছাড়ে ব্রুজোঁর দল। 
বিরতিতে ড্রেসিং-রুমে স্প্যানিশ কোচের তড়পানিতে টনক নড়ে শৌভিকদের। তাই দ্বিতীয়ার্ধে অনেক বেশি জমাট দেখায় ইস্ট বেঙ্গলকে। ৫৪ মিনিটে মেসি বৌলির শট পোস্টে ধাক্কা খায়। এরপর রিচার্ড সেলিস নামতেই লাল-হলুদের খেলায় গতি আসে। বাঁ প্রান্তে তাঁর নড়াচড়া বেশ বেকায়দায় ফেলল রাবেশ ও মহম্মদ রফিকে। এই পর্বে লিড নেওয়ার সুযোগ হারালেন দিয়ামানতাকোস। ৭১ মিনিটে মহেশের কর্নার থেকে ফাঁকা জায়গাতেও মাথা ছোঁয়াতে ব্যর্থ তিনি। বাধ্য হয়েই তাঁর পরিবর্তে ৭৩ মিনিটে ডেভিডকে মাঠে নামান কোচ ব্রুজোঁ। ডেডলক খুলল তাঁর মুভমেন্টেই। ৮৬ মিনিটে সেলিসের কর্নার মনোজ মহম্মদের মাথায় লেগে জালে ঢোকে (১-০)। তবে স্পটজাম্পে তাঁকে বিভ্রান্ত করেছিলেন ডেভিডই। এরপর প্রতিআক্রমণ থেকে সংযোজিত সময়ে লাল-হলুদ জার্সিতে গোলের খাতা খোলেন ভেনেজুয়েলার মেসি (২-০)।
ইস্ট বেঙ্গল: প্রভসুখন, রাকিপ, হেক্টর (সেলিস), আনোয়ার, লালচুংনুঙ্গা, মহেশ (জেসিন), শৌভিক (জিকসন), সাউল, নিশু (লাকরা), মেসি বৌলি ও দিয়ামানতাকোস (ডেভিড)।

ইস্ট বেঙ্গল- ২                                   :                         হায়দরাবাদ এফসি- ০
(মনোজ-আত্মঘাতী, মেসি বৌলি)
Advertisement
সম্পর্কিত সংবাদ