সংবাদদাতা, পুরাতন মালদহ: বৃহস্পতিবার মালদহের গাজোল সার্কেলের পক্ষ থেকে ১৪টি প্রাথমিক স্কুলে আচমকা পরির্দশন করা হয়। তার মধ্যে ৬টি প্রাথমিক বিদ্যালয়ে খোদ অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত রায় উপস্থিত ছিলেন। তিনি শিক্ষা সংক্রান্ত একাধিক বিষয় খতিয়ে দেখেন। অভিযোগ, ওই সার্কেলের ইন্দ্রসহিল, আলাল ম্যানেজড, মুড়িয়াকুন্ডু স্কুলগুলিতে কিছু শিক্ষক অনুপস্থিত ছিলেন। আবার দেরি করে শিক্ষকেরা আসেন এবং সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। কেন এমনটা হয়েছে, কারণ জানানোর জন্য স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে বলে পরিদর্শক জানিয়েছেন। তিনি বলেন, ছাত্র সপ্তাহ এবং বই দিবস পালন করা হচ্ছে স্কুলগুলিতে। এদিন আমাদের সার্কেলের মর্নিং স্কুল ছিল। সেগুলি ঠিক মতো হচ্ছে কি না দেখতে গিয়েছিলাম। সঙ্গে শিক্ষাবন্ধুরা ছিলেন। আমরা তিনটি স্কুলকে চিঠি দেব।



