সংবাদদাতা, বাগডোগরা: শিবমন্দির চৈতন্যপুরের ৯০গ্রাম সোনার গয়না চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিস। তার কাছ থেকে ২৭গ্রাম সোনা উদ্ধার হয়েছে। ঘটনার তিনমাস পর অভিযুক্তর নাগাল পেল পুলিস।
Advertisement
জুলাই মাসের ১৪তারিখ চৈতন্যপুরের একটি বাড়ি থেকে ৯০গ্রাম সোনার গয়না সহ নগদ ২০হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। এরপর মাটিগাড়া থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু করে থানার সাদা পোশাকের পুলিস। তবে ঘটনার পর গা ঢাকা দেয় ওই অভিযুক্ত। অক্টোবর মাসের ২৪তারিখ মাটিগাড়া থানার পুলিস জানতে পারে, জয়গাঁ থানার পুলিস পৃথক একটি চুরির ঘটনায় একই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। এরপর পুলিস তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে ৫দিনের রিমান্ডে নিয়ে জানতে পারে মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে শ্বশুরবাড়িতে সোনার গয়নাগুলি সে লুকিয়ে রেখেছে। এরপরই পুলিস বিশ্বাস কলোনিতে অভিযান চালিয়ে ২৭গ্রাম সোনা উদ্ধার করে। পুলিস জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম জাব্দুল হুসেন (২৯)। সে জয়গাঁর বাসিন্দা। তবে ধৃতের থেকে ২৭গ্রাম গলানো সোনা উদ্ধার হলেও বাকি সোনা সে কোথায় রেখেছে তা জানা যায়নি। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করছে পুলিস।



