Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তিন একর জমিতে ভুট্টা প্রক্রিয়াকরণের হাব করণদিঘিতে

তিন একর জমিতে ভুট্টা প্রক্রিয়াকরণের হাব করণদিঘিতে
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: করণদিঘিতে ভুট্টা ঝাড়াই, বাছাই, মান নির্ণয়, প্যাকেট করার ব্যবস্থা সহ সব কাজ হবে এক ছাদের তলায়। কৃষি বিপণন দপ্তরের সহযোগিতায় উত্তর দিনাজপুরে প্রথম ভুট্টা হাব তৈরির কাজ শুরু হল করণদিঘিতে।
Advertisement
অনুষ্ঠানে বিধায়ক গৌতম পাল বলেন, জেলার ন’টি ব্লকের মধ্যে ইসলামপুর মহকুমার করণদিঘি, গোয়ালপোখর, হেমতাবাদ, রায়গঞ্জে ভুট্টা চাষ করেন প্রায় এক লক্ষ চাষি। তাই মাঝামাঝি জায়গা করণদিঘিতে ভুট্টা হাব করা হচ্ছে। 
জেলার করণদিঘি, গোয়ালপোখর ও হেমতাবাদে প্রায় ৮০ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়। কিন্ত কৃষকরা ভুট্টার বীজ সংরক্ষণ থেকে শুরু করে বিক্রি করতে অনেক অসুবিধার মধ্যে পড়েন। হাব হলে ভুট্টা বীজ সংরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির সঙ্গে চাষিরা সরাসরি যুক্ত হতে পারবেন। রবিবার তিন একর জমিতে ভুট্টা হাবের কাজের সূচনা হয়েছে। প্রকল্প শেষ হলে প্রায় দু’শো জনের কর্মসংস্থান হবে। কৃষি দপ্তরের আধিকারিক শুভজিৎ সরকার জানিয়েছেন, জেলার চাষিরা মূলত ভুট্টা, ধান ও সর্ষে চাষের সঙ্গে যুক্ত ছিলেন। তবে গত ১০ বছরে ভুট্টা চাষের পরিমাণ বেড়েছে করণদিঘি, হেমতাবাদ, রায়গঞ্জ, গোয়ালপোখর এলাকায়। চাষিদের দীর্ঘদিন দাবি ছিল ভুট্টা বিক্রি ও বীজ সংরক্ষণ করার জন্য একটি হাবের। সেই কাজ শুরু হয়েছে। জেলার এক লক্ষ চাষি এই প্রকল্পে উপকৃত হবেন। জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন, প্রায় ৩ কোটি ৮৮ লক্ষ টাকায় হাব তৈরি হবে। - নিজস্ব চিত্র।
সম্পর্কিত সংবাদ