নয়াদিল্লি: টিউশন পড়তে গিয়ে শিক্ষকের লালসার শিকার কিশোরী। গত তিন বছর ধরে তাকে ধর্ষণ করে গিয়েছে অভিযুক্ত শিক্ষক। অবশেষে গুণধর গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিস। দক্ষিণ দিল্লির সি আর পার্কের ঘটনা। পুলিস জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা। ২০২২ সাল থেকে তার কাছে টিউশন পড়ছে ১৫ বছরের ওই ছাত্রী। অভিযোগ, এই তিন বছরে তাকে একাধিকবার ধর্ষণ করেছে শিক্ষক। মুখ খুললে চরম পরিণতির হুঁশিয়ারিও দেয় অভিযুক্ত। এমনকী তাকে মানসিক নির্যাতন করত গৃহশিক্ষক। অবশেষে বাড়িতে পুরো বিষয়টি খুলে বলে নির্যাতিতা। এরপর তার বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেন। দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিস কমিশনার অঙ্কিত চৌহান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পকসো ও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।



