নিজস্ব প্রতিনিধি, তমলুক: ১২টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বৃহস্পতিবার থেকে তাম্রলিপ্ত রাজবাড়িতে আন্তর্জাতিক সেমিনার শুরু হল। আগামী ২৮ ডিসেম্বর তিনদিনের সেমিনার শেষ হবে। ‘আন্তর্জাতিক ক্ষেত্রে বৌদ্ধ জগতের সঙ্গে প্রাচীন তাম্রলিপ্ত শহরের যোগ’ বিষয়ক এই সেমিনারে প্রথম দিন বিভিন্ন দেশের জাতীয় পতাকা উত্তোলন করে রাজবাড়িতে অনুষ্ঠান শুরু হয়। রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা তথা পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ায় বরোদা জোনের সুপার শুভ মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া, নেপাল, মায়ানমার সহ বিভিন্ন দেশের শিক্ষাবিদরা এই সেমিনারে অংশগ্রহণ করেছেন। এদিন অনুষ্ঠানে লেখক কৃতিসুন্দর পালের ‘হিস্ট্রি অব অ্যানসিয়েন্ট তাম্রলিপ্ত’, পাঁশকুড়ার রূপেশকুমার সামন্তের ‘সান্তালি কালচার অ্যান্ড ইভোলিউশন’ বই প্রকাশ পায়। অনুষ্ঠানে ইতিহাসবিদ রাজর্ষি মহাপাত্র, পুরসভার ভাইস চেয়ারপার্সন লীনা মাভৈ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।



