সংবাদদাতা, কালিয়াচক: ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মালদহের এক পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার মৃতদেহ ফিরতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের নাম রাশেম শেখ (২৯)। তিনি বৈষ্ণবনগর থানা এলাকার চিনা বাজার এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে খবর, ওই যুবক অক্টোবরে তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। গত শুক্রবার কাজ করার সময় তিনি দেওয়াল ভেঙে চাপা পড়েন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপরই বিষয়টি বাড়িতে জানানো হয়। যুবকের আত্মীয় সামশুল শেখ বলেন, পরিবারে আর্থিক অনটনের কারণে রাশেমকে বাইরে কাজে যেতে হয়। কয়েকদিন পর তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই দেওয়াল চাপা পড়ে তাঁর মৃত্যু হল। বাসিন্দারা বলেন, ওই এলাকায় আগে অনেকের ফসলি জমি ছিল। কিন্তু গঙ্গা নদীর ভাঙনে প্রচুর জমি তলিয়ে যায়। জমি হারিয়ে অনেকেই এখন পরিযায়ী শ্রমিক হয়েছেন।



