Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস পালিত

তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস পালিত
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: মঙ্গলবার যথাযথ মর্যাদায় তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস পালিত হল। এই উপলক্ষ্যে তমলুক পুরসভার পক্ষ থেকে শহরের বানপুকুর পাড়ে মাতঙ্গিনী হাজরার মূর্তি এবং শহিদবেদিতে মাল্যদান করা হয়। শহরের মানিকতলা, হাসপাতাল মোড় ও নিমতলায় স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদান করেন পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় সহ একাধিক কাউন্সিলার ও পুরকর্মী। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি হয় নিমতৌড়ি স্মৃতিসৌধে। জেলাশাসক পূর্ণেন্দু মাজী, পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, চার বিধায়ক এবং পুরসভার চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সকালে স্কুলপড়ুয়াদের নিয়ে প্রভাতফেরি হয়। তারপর স্মৃতিসৌধে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা, দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়।
Advertisement
১৯৪২সালে ১৭ডিসেম্বর সতীশচন্দ্র সামন্ত, অজয়কুমার মুখোপাধ্যায়, সুশীল ধাড়া প্রমুখ স্বাধীনতা সংগ্রামী সমান্তরাল জাতীয় সরকার গড়েছিলেন। তার নাম ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। তার সর্বাধিনায়ক হয়েছিলেন সতীশচন্দ্র সামন্ত। আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, বিচার, কৃষি, প্রচার ও সমর প্রভৃতি বিভাগে আলাদা সচিব নিয়োগ হয়েছিল। ১৯৪৪ সালে ৩০সেপ্টেম্বর পর্যন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকারের অস্তিত্ব ছিল।
সম্পর্কিত সংবাদ