Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুকে সরকারি জায়গায় বিজেপির পার্টি অফিস তৈরি বন্ধ করল পুলিস রুখে দাঁড়ালেন বাসিন্দারা

তমলুকে সরকারি জায়গায় বিজেপির পার্টি অফিস তৈরি বন্ধ করল পুলিস রুখে দাঁড়ালেন বাসিন্দারা
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুকে সরকারি জায়গায় বিজেপির পার্টি অফিস তৈরির কাজ বন্ধ করল পুলিস। গত শুক্রবার রাত থেকে তমলুক ব্লকের উত্তর সোনামুই পঞ্চায়েতের ভাণ্ডারবেড়িয়া পূর্বপল্লিতে বিজেপি কর্মীরা শ্রমিক দিয়ে খোঁড়াখুঁড়ি শুরু করেন। সেচদপ্তরের জায়গায় গর্ত করা নিয়ে গ্রামবাসীরা জানতে চাওয়ায় পার্টি অফিস তৈরি হবে বলে জানান বিজেপি কর্মীরা। ৪১নম্বর জাতীয় সড়ক থেকে ভাণ্ডারবেড়িয়া দেবেন্দ্র হাইস্কুল যাওয়ার ঢালাই রাস্তার ধারে এই পার্টি অফিস তৈরির বিরুদ্ধে রুখে দাঁড়ান গ্রামবাসীরা। ওই এলাকায় একটি বড় পুকুর রয়েছে। সেখানে মহিলারা স্নান করেন। নয়ানজুলিতে পিলার তুলে পার্টি অফিস তৈরির কাজ বন্ধ করতে গ্রামের লোকজন জোট বেঁধে থানায় হাজির হন। রবিবার পুলিস ওই নির্মাণকাজ বন্ধ করে দেয়। 
Advertisement
২০২৩সালে উত্তর সোনামুই পঞ্চায়েত দখল করে বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক ভবন, জেলা পরিষদ, পুলিস সুপারের অফিস ওই পঞ্চায়েতের অধীনে পড়ে। এরকম গুরুত্বপূর্ণ একটি পঞ্চায়েত দখলের পর বিজেপি নেতৃত্ব বেশ কয়েকটি গ্রামে টিনের ছাউনি দেওয়া পার্টি অফিস বানিয়ে ফেলে। ভাণ্ডারবেড়িয়া পূর্বপল্লিতেও ঢালাই রাস্তার ধারে সিমেন্টের খুঁটি পুঁতে টিনের ছাউনি দেওয়া পার্টি অফিস বানিয়েছিল। ওই বুথ থেকেই নির্বাচিত হয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান পূর্ণেন্দু পাল। শুক্রবার সেই পার্টি অফিসের চারপাশে কংক্রিটের বিল্ডিং তৈরির জন্য খোঁড়াখুঁড়ির পর পিলার তৈরির কাজ শুরু হয়। ভাণ্ডারবেড়িয়া পূর্বপল্লির বাসিন্দা শান্তিব্রত জানা, রাজু জানা, সুব্রত জানা, নমিতা জানা সহ অনেকে সেখানে পার্টি অফিস তৈরির বিরোধিতা করেন। ওই এলাকায় বড় পুকুর আছে। সেখানে মহিলারা স্নান করেন। সেচদপ্তরের নয়ানজুলি রয়েছে। নির্মাণ কাজের ফলে জলনিকাশি নিয়ে ব্যাপক সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই গ্রামবাসীরা পার্টি অফিস তৈরির বিরুদ্ধে তমলুক থানার দ্বারস্থ হন। পুলিস অভিযোগ পেয়ে পার্টি অফিসের কাজ বন্ধ করে দেয়। 
ভাণ্ডারবেড়িয়া পূর্বপল্লির বাসিন্দা শান্তিব্রতবাবু বলেন, ছ’-সাত মাস আগে এখানে রাস্তার ধারে একটা অস্থায়ী কাঠামো বানানো হয়েছিল। সেটি বিজেপির পার্টি অফিস হলেও কর্মী-সমর্থকরা বসতেন না। রাতারাতি সেই জায়গায় কংক্রিটের বিল্ডিং তৈরির কাজ শুরু হয়েছে। এনিয়ে আমাদের আপত্তি রয়েছে। তাই পুলিসের দ্বারস্থ হয়েছি। সেচদপ্তর এবং সাধারণ প্রশাসনের কাছেও গোটা বিষয়টি জানানো হয়েছে। তমলুক ব্লক টিএমসিপি সভাপতি জগদীশ জানা বলেন, প্রধানের নিজের বুথে ওই পার্টি অফিস গড়া হচ্ছিল। পঞ্চায়েত দখলের পরই ওরা জায়গা দখল নেওয়ার জন্য টিনের ছাউনিঘেরা একটি ঘর বানিয়ে রেখেছিল। সেখানেই কংক্রিটের নির্মাণের কাজ শুরু হয়। গ্রামবাসীদের বাধায় পুলিস হস্তক্ষেপ করেছে।পঞ্চায়েতের বিজেপির প্রধান পূর্ণেন্দু পাল বলেন, আমি এনিয়ে কিছু জানি না। বিজেপির তমলুক মণ্ডল-৪ কমিটির সভাপতি স্বপন মান্না বলেন, আপাতত দলীয় কার্যালয় তৈরির কাজ বন্ধ রয়েছে। তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ বলেন, সেচদপ্তরের জায়গায় নির্মাণকাজ হচ্ছিল। স্থানীয়রা এনিয়ে অভিযোগ জানানোয় কাজ বন্ধ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ