Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুক সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর ভোট নিয়ে বৈঠক রাজীবের  

তমলুক সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর ভোট নিয়ে বৈঠক রাজীবের  
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের ডিরেক্টর পদে নাম চূড়ান্ত করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বুধবার কোলাঘাটে এনিয়ে দলীয় নেতাদের সঙ্গে মিটিং করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানে বিধায়ক সুকুমার দে, জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, পাঁশকুড়া পুরপ্রশাসক বোর্ডের চেয়ারপার্সন নন্দ মিশ্র ও দলের সমবায় সেলের রাজ্য নেতা আশিস চক্রবর্তী উপস্থিত ছিলেন। আগামী ১৫জানুয়ারি ডিরেক্টর পদে মনোনয়ন জমা দেবে তৃণমূল। সেই উপলক্ষ্যে এদিন ডিরেক্টর পদে নাম চূড়ান্ত হয়েছে। মিটিং শেষে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, গত ৮ডিসেম্বর তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের ভোটে আমরা ৫৬-১৩ মার্জিনে জয়ী হয়েছি। আগামী ২৯জানুয়ারি ডিরেক্টর পদে নির্বাচন। তার আগে ১৪ ও ১৫জানুয়ারি ডিরেক্টর পদে মনোনয়ন জমা হবে। আমাদের ডিরেক্টর পদে নাম মোটামুটি চূড়ান্ত হয়েছে। ১৫তারিখ আমাদের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। গত ৮ডিসেম্বর তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ব্যাঙ্কের ভোট হয়। মোট ৬৯টি আসনের মধ্যে তৃণমূল ৫৬টি এবং বিজেপি ১৩টিতে জয়ী হয়। তৃণমূল সমর্থিত প্রার্থীরা তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া ও চণ্ডীপুরে সবক’টি আসনে জয়ী হয়। অপরদিকে, বিজেপি নন্দীগ্রাম-১ব্লকে সাতটি এবং নন্দীগ্রাম-২ব্লকে ছ’টি আসনে জয়ী হয়। মোট ডিরেক্টর পদ সংখ্যা ১২টি। তারমধ্যে নন্দীগ্রাম-১ ও ২বাদে বাকি ১০টি ডিরেক্টর পদ তৃণমূলের জয় নিশ্চিত। ওই ১০জন ডিরেক্টর কারা হবেন তানিয়ে এদিন কোলাঘাটে আলোচনা হয়। প্রতিটি এলাকার নেতৃত্বের মতামত নেন রাজীব বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম-১ ও ২নম্বর ব্লকে দু’টি ডিরেক্টর পদে লড়বে বিজেপি। পাশাপাশি আজ, বৃহস্পতিবার কলকাতায় কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর পদ নিয়ে মিটিং হবে। সেখানে তমলুক এবং কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের সকল বিধায়ক এবং অন্যান্য নেতৃত্ব উপস্থিত হবেন। কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর পদ নিয়ে তৃণমূলের মধ্যে ব্যাপক চাপানউতোর চলছে। মোট ১০৮টি আসনের মধ্যে ১০১টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ব্যাঙ্কের জয়ী ডেলিগেটদের তালিকায় বর্তমান বিধায়ক থেকে প্রাক্তন বিধায়ক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ তাবড় নেতারা আছেন। মোট ১৫জন ডিরেক্টর হবেন। তারমধ্যে অসংরক্ষিত ১২টি ডিরেক্টর পদ নিয়ে ব্যাপক প্রতিযোগিতা চলছে। ডেলিগেট প্রার্থী তালিকা নিয়ে কোলাঘাটের দলের বৈঠক উত্তাল হয়ে উঠেছিল। তাই ডিরেক্টর পদ নিয়ে যাতে সেরকম কোনও পরিস্থিতি না হয়, সেজন্য কলকাতায় মিটিং হবে বলে খবর।
Advertisement
সম্পর্কিত সংবাদ