নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক পুরসভা ও তাম্রলিপ্ত পাবলিক স্কুলের যৌথ উদ্যোগে আন্তঃবিদ্যালয় অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। তাম্রলিপ্ত পাবলিক স্কুলে এই প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ১০০-র বেশি ছাত্রছাত্রী অংশ নেয়। রবিবার ওই প্রতিযোগিতা উপলক্ষ্যে এক অনুষ্ঠানে পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, ভাইস চেয়ারপার্সন লীনা মাভৈ, তাম্রলিপ্ত পাবলিক স্কুলের সভাপতি শেখ খাইরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পুরসভার চেয়ারম্যান অঙ্কনে আগ্রহী ছাত্রছাত্রীদের উৎসাহ দেন। স্কুলের সভাপতি অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি তাঁদের অভিভাবক এবং অঙ্কন বিষয়ের শিক্ষকদেরও শুভেচ্ছা জানান। তিনি বলেন, সমাজে প্রত্যেকের নিজস্ব প্রতিভা আছে। অঙ্কনের মধ্য দিয়েও ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভা সমাজের বুকে তুলে ধরুক।



