Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুক কৃষি সমবায়ের ১২টি কেন্দ্রে ভোট আজ

তমলুক কৃষি সমবায়ের ১২টি কেন্দ্রে ভোট আজ
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: আজ, রবিবার তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা পুলিস ও সমবায় দপ্তরের কাছে মস্তবড় চ্যালেঞ্জ। তমলুক ও হলদিয়া মহকুমায় মোট ১২টি জায়গায় এই নির্বাচন হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে পূর্ব মেদিনীপুর ছাড়াও হাওড়া গ্রামীণ, ঝাড়গ্রাম এবং বারাকপুরের পুলিস বাহিনীকে লাগানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর উপলক্ষ্যে অন্য জেলা থেকে বাহিনী আসতে শুরু করেছে। বাইরের জেলা থেকে আসা ফোর্সকেও সমবায় ভোটের ডিউটিতে নিয়োগ করা হবে। ৭০জন অফিসার, ২৪জন সশস্ত্র বাহিনী ১৯২জন লাঠিবাহিনী ছাড়াও মোট ৪৫জন র‌্যাফ টিম রেডি রাখা হচ্ছে। গণ্ডগোল হলে দ্রুত পরিস্থিতি মোকাবিলা করাই লক্ষ্য।
Advertisement
পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, সুতাহাটা, চণ্ডীপুর ও নন্দীগ্রাম থানা এলাকায় এই ভোট হবে। তমলুক এবং হলদিয়া মহকুমা ওই সমবায় সমিতির এরিয়া। সমিতির মোট ১২টি কেন্দ্রে নির্বাচন হবে। মোট আসন সংখ্যা ৬৯টি। তৃণমূল, বিজেপি এবং সিপিএম এই লড়াইয়ে শামিল হয়েছে। তবে, মূল লড়াইটা হবে তৃণমূল ও বিজেপির মধ্যে। দু’পক্ষই বোর্ড গঠনকে পাখির চোখ করে এই লড়াইয়ে নেমেছে। সমিতির মোট ভোটার সংখ্যা ৫৫হাজার ৪৭১জন। সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত ভোট হবে। তারপর ওইসব ভোট গ্রহণ কেন্দ্রে গণনা হবে। 
তমলুক ও হলদিয়া মহকুমার প্রায় প্রতিটি ব্লকে একটি করে ভোটগ্রহণ কেন্দ্র হয়েছে। তবে উত্তেজনার ধারেভারে এগিয়ে রয়েছে নন্দীগ্রাম-১ব্লক। ওই ব্লকের মধ্যে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চননগর  দিদারুদ্দিন বিদ্যাভবনে ভোট হবে। নন্দীগ্রাম-১ব্লকের ১০টি পঞ্চায়েতের ৫৯২১জন ভোটার ওই কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ওই ভোটগ্রহণ কেন্দ্রের সামনে ক্যাম্প নিয়ে গত দু’-তিনদিন ধরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। হাইকোর্টের হস্তক্ষেপে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প সরে ২০০মিটার এলাকার বা‌ই঩রে তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে শনিবার ব্লক ভূমি অফিসার বিজেপির ক্যাম্পের জায়গা মাপজোক করেন। সেখানে ক্যাম্পের বেশকিছুটা অংশ সরানোর নির্দেশ দেওয়া হয়। সরকারি জায়গায় বিজেপি ক্যাম্প করছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল। চণ্ডীপুর ব্লকের ভোট হবে চৌখালি গঙ্গা পদ্মা মিলন কন্যা বিদ্যাপীঠে। ভোটার সংখ্যা ৮৩১১জন। সেখানেও উত্তেজনার পরিবেশ রয়েছে। এছাড়া শহিদ মাতঙ্গিনী ব্লকে মথুরী কল্যাণিকা বিদ্যাভবনে ভোট নিয়ে টেনশন রয়েছে। ওই পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে। তাই এখানে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা মাথায় রেখে সতর্ক রয়েছে প্রশাসন ও পুলিস। ধান কাটার মরশুম চলছে। তাই এই সমবায় ভোটে ভোটারদের অংশগ্রহণ নিয়ে চিন্তায় রয়েছে তৃণমূল ও বিজেপি দু’পক্ষ। তৃণমূল কংগ্রেস নেতা তথা ওই ব্যাঙ্কের মনোনীত বোর্ডের চেয়ারম্যান সত্যরঞ্জন সাউ বলেন, এখন ধান কাটার হিড়িক চলছে। তাই ভোটারদের একটা বড় অংশ গরহাজির থাকতে পারে। আমরা বাড়ি বাড়ি প্রচার করেছি। ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রমুখী করার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সমবায় বোর্ড ধরে রাখার বিষয়ে আমরা ১০০ শতাংশ আশাবাদী।বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, ধানকাটার কাজে অনেকেই ব্যস্ত। তারপরও ভোটদানে এগিয়ে আসার জন্য ভোটারদের কাছে আমরা আবেদন করেছি। অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে তৃণমূলের পরাজয় নিশ্চিত।
সম্পর্কিত সংবাদ