নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের ডিরেক্টর পদে ১০জনের নাম চূড়ান্ত করল তৃণমূল নেতৃত্ব। কাল, বুধবার মনোনয়ন জমা করবে তৃণমূল। তার আগে সোমবার দলের পক্ষ থেকে নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ব্যাঙ্কের চেয়ারপার্সন সত্যরঞ্জন বিশ্বাস সহ ১০জন ডিরেক্টর পদের জন্য মনোনয়ন জমা করবেন। সোমবার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় ১০জনের তালিকা প্রকাশ করেছেন। নন্দীগ্রাম-১ ও ২ ব্লকে দু’টি ডিরেক্টর পদে মনোনয়ন জমা করবে বিজেপি। গত ৮ডিসেম্বর তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের ভোটে তৃণমূল ৫৬-১৩মার্জিনে জয়ী হয়। আগামী ২৯জানুয়ারি ডিরেক্টর পদে নির্বাচন।



