Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাবের মিনি ম্যারাথনে বাজিমাত ভিন রাজ্যের  

তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাবের মিনি ম্যারাথনে বাজিমাত ভিন রাজ্যের
 
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাবের ২১কিলোমিটার মিনি ম্যারাথনে বাজিমাত করলেন ভিনরাজ্যের প্রতিযোগীরা। রবিবার সকাল ৭টায় মেচেদা থার্মাল পাওয়ার গেট থেকে মিনি ম্যারাথন শুরু হয়। মোট ২৫৮জন প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় প্রভৃতি রাজ্য থেকে এসেছিলেন। মেচেদা থেকে তমলুক শহরে কোর্টপাড়া, নিমতলা মোড় হয়ে শঙ্করআড়া ব্রিজে দৌড় শেষ হয়। এই ক্লাব ৩০বছর ধরে মিনি ম্যারাথনের আয়োজন করছে। দৌড় দেখার জন্য রাস্তার দু’দিকে অসংখ্য মানুষ ভিড় করে। এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮২টি ক্লাব সহযোগিতা করেছে। বিভিন্ন জায়গায় প্রতিযোগীদের জল, বাতাসা, ফুলের মালা দেওয়া হয়। বিভিন্ন জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। এদিনের মিনি ম্যারাথনে তিনজন মহিলা প্রতিযোগীও অংশ নিয়েছিলেন। 
Advertisement
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঝাড়খণ্ডের অর্জুন টুডু। দ্বিতীয় হয়েছেন উত্তরপ্রদেশের অভিষেক কুমার। তৃতীয় স্থান দখল করেছেন ঝাড়গ্রামের তারক মাণ্ডি। তিন মহিলা প্রতিযোগীর মধ্যে প্রথম হন লাবনী সাউ। ম্যারাথনে প্রথম ১০জনকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থানাধিকারীকে ৩০হাজার, দ্বিতীয় স্থানাধিকারীকে ২০হাজার এবং তৃতীয় স্থানাধিকারীকে ১০হাজার টাকা দেওয়া হয়। পরের স্থানাধিকারীদের যথাক্রমে আট হাজার, ছ’হাজার, পাঁচ হাজার, তিন হাজার, দু’হাজার ও এক হাজার টাকা করে পুরস্কৃত করা হয়। 
তমলুক পুরসভার ১১নম্বর ওয়ার্ডে তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাব সারা বছর ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। ক্লাবের উদ্যোগে বিগ বাজেটের দুর্গাপুজো হয়। এছাড়া এই মিনি ম্যারাথনের জন্য অনেকেই অপেক্ষা করেন। এদিন সকালে মেচেদায় মশাল জ্বালিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। ডিএসপি(ট্রাফিক)-২ চম্পকরঞ্জন চৌধুরী, ক্লাব সভাপতি তথা পুরসভার কাউন্সিলার গৌতম পাল, ক্লাব সম্পাদক ভাস্কর বন্দ্যোপাধ্যায় সহ ৫০জনের বেশি ক্লাবসদস্য উপস্থিত ছিলেন। মেচেদা-তমলুক রাস্তা বরাবর প্রতিযোগীরা দৌড়তে শুরু করেন। রাস্তার দু’দিকে অসংখ্য মানুষের ভিড় দেখা যায়। কেউ জলভর্তি গ্লাস, কেউ প্রতিযোগীদের ফুলের মালা পরিয়ে উৎসাহ দেন। শঙ্করআড়া ব্রিজে ক্লাবের সামনে মূল মঞ্চ বেঁধে অনুষ্ঠান হয়। সেখানে তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, ভাইস চেয়ারপার্সন লীনা মাভৈ সহ অন্যান্য কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। 
ক্লাব সভাপতি গৌতমবাবু বলেন, এই প্রতিযোগিতা সফল করতে একসঙ্গে ৮২টি ক্লাব হাত বাড়িয়ে দিয়েছে। এছাড়াও অসংখ্য মানুষ প্রতিযোগীদের জল, বাতাসা, ফুলের মালা দিয়ে উৎসাহ দিয়েছেন। এই ম্যারাথন দৌড় তমলুকবাসীর মধ্যে একটা আবেগ তৈরি করে। পুলিস প্রশাসন, ক্লাব সংগঠন ও সাধারণ মানুষজনের কাছে যেভাবে সহযোগিতা পেয়েছি তাতে তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাব কৃতজ্ঞ থাকবে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ