নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুকের রাধামণিতে ভিড় বাসে ছিনতাইয়ে ধৃত পাঁচজনের ১৪দিনের জেল হেফাজত হল। মঙ্গলবার ধৃত পাঁচজনকে তমলুক সিজেএম কোর্টে তোলা হয়। পুলিসের তরফে সংশোধনাগারে টিআই প্যারেডের আবেদন জানানো হয়। অভিযোগকারী আরামবাগের বস্ত্র ব্যবসায়ী শেখ হাফিজুদ্দিন ওই পাঁচজনকে সংশোধনাগারে শনাক্ত করবেন। এদিন মুখঢাকা অবস্থায় তাদের থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়া হয়। দুই মেদিনীপুরের বিভিন্ন থানা এলাকায় ধৃতদের বাড়ি। ধৃতদের বিরুদ্ধে পুরনো কোনও মামলা রয়েছে কি না তমলুক থানার পুলিস সংশ্লিষ্ট থানায় চিঠি দিয়ে জানতে চেয়েছে। সরকারি আইনজীবী সফিউল আলি খান বলেন, ধৃত পাঁচজনের ১৪দিনের জেল হেফাজত হয়েছে।



