উজির আলি, চাঁচল: সুপ্রাচীন শিবমন্দিরে পুজো ও জিন্দাপীরের মাজারে চাদর চড়িয়ে বিজেপি প্রার্থীর বুথে প্রচারে ঝড় তুললেন চাঁচল বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁচলের কলিগ্রামে বিজেপি প্রার্থীর গড়ে দাপিয়ে বেড়ালেন প্রসূন। কর্মীদের হাতে দলীয় পতাকা ও মুখে জয় বাংলা শ্লোগান। রীতিমতো বিজেপি প্রার্থীর বুথে সবুজ ঝড়ে ওঠে এদিন।
প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে প্রসূন বলেন,উন্নয়নের জোয়ারে এই এলাকার মানুষ তৃণমূলকেই সমর্থন করবেন। তাই বিজেপি প্রার্থীর ভোট প্রচার করে লাভ নেই। তিনি বাড়িতে বসে বিশ্রাম নিন। তাছাড়াও রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে না, তাঁর পরাজয়ও নিশ্চিত। অন্যদিকে পাল্টা জবাব দিতে ছাড়েননি চাঁচলের বিজেপি প্রার্থী রতন দাস। তিনি বলেন, সব ভোট যদি তৃণমূলেরই থাকে, তাহলে লোকসভায় তিনি কেন হারলেন? এবারও তাঁকে দ্বিতীয়বার হারতে হবে, শুধু সময়ের অপেক্ষা।
এদিন প্রসূন কলিগ্রাম দৈনিক বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জনসংযোগ সারেন। তাঁদের সমস্যার কথাও শোনেন। ব্যবসায়ীরা বাজারের পরিকাঠামো উন্নয়ন, পানীয় জল ও শৌচালয় নির্মাণের দাবি জানান। সেই সব দাবি মনোযোগ দিয়ে শোনেন তৃণমূল প্রার্থী। সবজি ব্যবসায়ী বাবুল হোসেন বলেন,বর্ষায় জল জমে থাকে। এখানে পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা নেই। শতাধিক ব্যবসায়ী সমস্যায় থাকি সারাবছর। বিষয়টি প্রার্থীকে জানিয়েছি। চায়ের দোকানদার থেকে টোটো চালক, নরসুন্দর সব শ্রেণির মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে।
স্থানীয়দের একাংশের দাবি, বিজেপি প্রার্থী সহ আশপাশের প্রায় তিনটি বুথ বিজেপির শক্ত ঘাঁটি। যিনি বিজেপি প্রার্থী তিনিও টানা ১৫ বছর ধরে বিজেপির পঞ্চায়েত সদস্য রয়েছেন। বর্তমানে পঞ্চায়েত সদস্য থাকা অবস্থা তিনি বিজেপির প্রার্থী হয়েছেন।
তৃণমূল নেতৃত্বের দাবি, তৃণমূল সরকার রাজ্যের প্রতিটি অঞ্চলেই উন্নয়নমূলক কাজ করেছেন। তৃণমূলের কলিগ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল খান বলেন, এলাকার প্রতিটি বুথেই উন্নয়নমূলক কাজ হয়েছে। প্রতিটি এলাকায় তৃণমূল কংগ্রেসের সমর্থন রয়েছে। এখানে বিজেপির কোনো শক্ত ঘাঁটি নেই।
চাঁচল বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি প্রার্থীর বুথে মানুষের সাড়া ভালোই পেয়েছি। রাজ্যে বিজেপি কোনোদিনও ক্ষমতায় আসবে না। এখানকার বিজেপি প্রার্থীও কোনো ফ্যাক্টর না।
এদিন কলিগ্রামের শহরবাগে অঞ্চল তৃণমূল নির্বাচনি কার্যালয়ের উদ্বোধন করেন তৃণমূল প্রার্থী। সেখান থেকেই ভোট প্রচারের কৌশল নেবেন অঞ্চলের নেতারা।