Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পালপাড়া কলেজে ব্রাত্য উত্তম, টিএমসিপি’র বিক্ষোভে ভণ্ডুল বৈঠক

পালপাড়া কলেজে ব্রাত্য উত্তম, টিএমসিপি’র বিক্ষোভে ভণ্ডুল বৈঠক
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: বুধবার তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পটাশপুরের যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয় চত্বর। ২০২২সালে ১৬মার্চ উচ্চশিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে ওই কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে উত্তম বারিকের নাম চূড়ান্ত করলেও তিনি দায়িত্ব পাননি। তাঁর মতো দু’জন সরকারি প্রতিনিধির নাম দপ্তর চূড়ান্ত করার পরও কেউ দায়িত্ব পাননি। কলেজের পুরনো পরিচালন কমিটিই এখনও বহাল রয়েছে। এদিন কলেজে সেই কমিটির সভা হওয়ার কথা ছিল। সে কথা জানার পর সকাল থেকেই তৃণমূল ছাত্র পরিষদ পরিকল্পনা নিয়ে কলেজে জড়ো হয়। সংগঠনের সদস্যরা দিনভর কলেজে বিক্ষোভ দেখান। কলেজের গভর্নিং বডির মিটিংয়ে যোগ দিতে এসে প্রবল বিক্ষোভের মুখে পড়েন কমিটির সম্পাদক শীতলচন্দ্র দে, ইউনিভার্সিটির মনোনীত প্রতিনিধি অধ্যাপক তপনকুমার পট্টনায়েক। ছাত্র বিক্ষোভের জেরে তাঁরা কলেজ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। প্রিন্সিপালকে তাঁর রুমের মধ্যে আটকে রেখে বিক্ষোভ চলে। কলেজের মিটিং হলে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।

Advertisement

কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি সুমন দাস বলেন, উচ্চশিক্ষা দপ্তর তিন বছর আগে নতুন গভর্নিংবডি তৈরির জন্য নির্দেশিকা পাঠিয়েছে। সেই কমিটিতে মান্যতা দেওয়া হয়নি। পুরনো পরিচালন কমিটি অনৈতিকভাবে কাজ করে চলছে। কলেজ ফান্ডের টাকা নয়ছয় করা হচ্ছে। বুধবার এর প্রতিবাদে আমরা কলেজ আন্দোলন করেছি। প্রিন্সিপালের রুমের সামনে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয়েছে। নতুন গভর্নিং কমিটি মান্যতা না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
যোগদা সৎসঙ্গ সোসাইটির অধীন এই কলেজ। যদিও রিলিজিয়াস মা‌ইনোরিটি হিসেবে ওই কলেজের স্বীকৃতি নেই। ২০২১সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তৎকালীন পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর ওই কলেজের গভর্নমেন্ট নমিনির পদ থেকে ইস্তফা দেন। তারপর যোগদা সৎসঙ্গ সোসাইটির স্বামী অচ্যুতানন্দ মহারাজ গভর্নিং বডির সভাপতি। সোসাইটির আরেক কর্মকর্তা শীতলচন্দ্র দে সম্পাদক হিসেবে আছেন। এগরার মহকুমা শাসক গভর্নিং বডির একজন সদস্য। ২০২১সালে বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন কলেজে নতুন গভর্নিং বডির সভাপতি ও সরকারি প্রতিনিধিদের নাম উচ্চশিক্ষা দপ্তর পাঠায়। সেইমতো পটাশপুরের বিধায়ক উত্তমবাবুকে পালপাড়া কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নির্দেশিকা জারি হয়। এছাড়াও ওই গভর্নিং বডিতে সরকার মনোনীত সদস্য হিসেবে জেলা পরিষদ সদস্য পটল আদক এবং দেবব্রত পণ্ডা নাম পাঠিয়েছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি। কিন্তু, ওই কমিটি মান্যতা পায়নি। পুরনো কমিটিই এখনও বহাল রয়েছে। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্ল্যাকার্ড হাতে কলেজ ক্যাম্পাসে মিছিল করা হয়। এদিন সকাল সাড়ে ৯টায় প্রিন্সিপাল প্রদীপ্তকুমার মিশ্র কলেজে আসেন। অবস্থা বেগতিক দেখে তিনি অনলাইনে গভর্নিং বডির মিটিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু, শাসক দলের ছাত্র সংগঠন কোনও অবস্থায় ওই মিটিং হতে দেবে না বলে সিদ্ধান্ত নেয়। দিনভর বিক্ষোভ ও আন্দোলনের জেরে এদিনের মিটিং পুরোপুরি ভেস্তে গিয়েছে। এদিন প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। পুরনো গভর্নিং বডির ইউনিভার্সিটি মনোনীত সদস্য তথা তমলুক কলেজের বিএড বিভাগের প্রধান তপন পট্টনায়েক বলেন, এই কলেজ যোগদা সৎসঙ্গ সোসাইটির নিয়মে পরিচালিত হয়। এখানকার কমিটির এক্সটেনশন হয়েছে। তাছাড়া, পরিচালন কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ একেবারেই ঠিক নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ