Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কলেজেই ছাত্রের কলার ধরে টান, ভিডিও ভাইরাল হওয়ায় বিতর্কে টিএমসিপি নেতা

কলেজেই ছাত্রের কলার ধরে টান, ভিডিও ভাইরাল হওয়ায় বিতর্কে টিএমসিপি নেতা
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: সোমবারই বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে বিয়ার পানের ভিডিও ভাইরাল হয়েছিল। মঙ্গলবার ভাইরাল হল বালুরঘাট ল’ কলেজের ভিতরে ছাত্রদের গণ্ডগোলের ভিডিও (সত্যতা যাচাই করেনি বর্তমান)। ভিডিওতে দেখা যাচ্ছে, টিএমসিপির এক ছাত্রনেতা আর এক ছাত্রকে কলার ধরে টানতে টানতে প্রিন্সিপালের রুমের দিকে নিয়ে যাচ্ছে। সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। যার জেরে ফের অস্বস্তিতে পড়েছে তৃণমূল ছাত্র পরিষদ। যদিও তারা এই অভিযোগ মানতে চায়নি। একই পথে হেঁটে কলেজ কর্তৃপক্ষও ছাত্রদের গণ্ডগোলের অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

কলেজ অধ্যক্ষ সন্তোষকুমার তিওয়ারি বলেন, ভিডিওটি দেখে মনে হচ্ছে, এক বন্ধু আরও এক বন্ধুকে ধরে নিয়ে যাচ্ছে। ক’দিন ধরে কলেজে কোনও  গণ্ডগোল বা মারপিট হয়নি। এনিয়ে আমার কাছে কেউ অভিযোগও করেনি। কলেজে ছাত্র সংসদও নেই। হয়তো কেউ কলেজকে কালিমালিপ্ত করতে এগুলি করছে।
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তৃণমূলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকি বলেন, ভিডিওটি দেখে মনে হচ্ছে, বন্ধু-বান্ধব মিলে ইয়ার্কি করছে। এরকম তো আমরাও করে থাকি। ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। সুকান্তবাবু ভুয়ো ভিডিও পোস্ট করে মিথ্যাচার করছেন। ভিডিওটি কবে তোলা সেগুলি প্রকাশ করুন।  কলেজ সূত্রে খবর, ভিডিওটি মাসখানেক আগের। কলেজে এক ছাত্রের বান্ধবীর সঙ্গে অন্য এক ছাত্রের ধাক্কা লাগে। যাকে কেন্দ্র করে এই দুই ছাত্রের মধ্যে ঝামেলা হয়। তখন বান্ধবীকে ধাক্কা মারায় কলার ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। 
এদিকে ভিডিওয় যে দুই ছাত্রের মধ্যে ঝামেলা হয়েছিল, তাদের ফোন ও মেসেজ করলেও উত্তর দেয়নি। অভিযোগ, ল’ কলেজে দীর্ঘ কয়েক বছর ধরে ছাত্র সংসদ নেই। এরপরও তৃণমূল ছাত্র পরিষদ ক্ষমতা দখলের জন্য নিজেদের মধ্যেই লড়াই করে আসছে। এদিন ওই ভিডিও পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বালুরঘাট ল’কলেজে শাসকদলের ছাত্র নেতার প্রকাশ্যে দাদাগিরি চলছে। শিক্ষাঙ্গনের মধ্যেই হুমকি দিয়ে এক ছাত্রকে কলার ধরে টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ