Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল যুবর জেলা সভাপতিকে বিষ্ণুপুরে সংবর্ধনা বাউরি সমাজের

তৃণমূল যুবর জেলা সভাপতিকে বিষ্ণুপুরে সংবর্ধনা বাউরি সমাজের
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: তৃণমূল যুবর বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি হয়েছেন দেবনাথ বাউরি। সেজন্য বৃহস্পতিবার রাঢ়বঙ্গ বাউরি সমাজের তরফে বিষ্ণুপুর শহরের যদুভট্ট মঞ্চে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে পশ্চিমবঙ্গ বাউরি কালচার বোর্ডের বাঁকুড়া জেলার চেয়ারম্যান দেবদাস বাউরি, রাঢ়বঙ্গ বাউরি সমাজের বিষ্ণুপুর শহর সভাপতি তথা বিষ্ণুপুর পুরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অজয় ক্ষেত্রপাল সহ অন্যরা উপস্থিত ছিলেন। নিজের সম্প্রদায়ের মানুষের কাছে বিশেষ সংবর্ধনা পেয়ে দেবনাথবাবু আপ্লুত হয়ে পড়েন।

Advertisement

দেবদাসবাবু বলেন, আমাদের সমাজে প্রতিভা আছে। কিন্তু শিক্ষা ও সচেতনতার অভাবে আমরা এগিয়ে যেতে পারছি না। তবে বর্তমান রাজ্য সরকারের আমলে বাউরি সমাজ অনেক উন্নত হয়েছে। মুখ্যমন্ত্রী আমাদের জন্য পৃথক বোর্ড গঠন করেছেন। তার মাধ্যমে বাউরি সমাজের উন্নয়ন হচ্ছে। একসময় সামাজিক অনুষ্ঠানে উচ্চবর্ণের মানুষের সঙ্গে এক টেবিলে খাওয়ার সুযোগ হতো না। এখন তা বদলে গিয়েছে। কিন্তু এখনও বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, গুজরাটে দলিতদের উপর কীভাবে অত্যাচার করা হয়-সেটা আমরা সবাই জানি। আমাদের সমাজের মানুষ যাতে রাজনীতিতেও অংশ নিতে পারেন, সেজন্য দেবনাথবাবুর মতো মানুষকে তৃণমূল যুব’র সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই এটা সম্ভব হয়েছে।
দেবনাথবাবু বলেন, এর আগে আমি বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলাম। এখন যুব সম্প্রদায়কে সঠিক দিশা দেখানোর গুরুদায়িত্ব পেয়েছি। তা পালনের চেষ্টা করব। বাউরি সমাজের মানুষ এদিন যেভাবে তাঁদের ঘরের ছেলেকে কাছে টেনে নিয়েছেন, তাতে আমি আপ্লুত।

Advertisement
সম্পর্কিত সংবাদ