Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে ২১ জুলাইয়ের প্রস্তুতিতে ঝাঁপিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন

ঝাড়গ্রামে ২১ জুলাইয়ের প্রস্তুতিতে ঝাঁপিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে ঝাড়গ্রাম জেলা তৃণমূল নেতৃত্ব ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশে রেকর্ড কর্মী নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে। এজন্য আইএনটিটিইউসি ও শাসকদলের বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব ২১জুলাইয়ের কর্মসূচির প্রচারে ঝাঁপিয়েছে। জেলা বাস পরিবহণ তৃণমূল শ্রমিক ইউনিয়ন, জেলা প্রোগ্রেসিভ ল’ক্লার্কস ইউনিয়ন, জেলা সিকিউরিটি অ্যান্ড অ্যালায়েড ওয়ার্কমেনস ইউনিয়ন, টোটো ইউনিয়ন, সারা বাংলা তৃণমূল নির্মাণশ্রমিক ইউনিয়ন এজন্য প্রস্তুতি সভা করছে। সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নিয়ে ইউএএল বেঙ্গল ইন্ড্রাস্ট্রির কাঞ্চন অয়েল মিলের গেটে আইএনটিটিইউসি’র তরফে প্রচার চালানো হচ্ছে। ওই প্রস্তুতি সভায় সংগঠনের জেলা সহ-সভাপতি নান্টুলাল দাস, অজয়কুমার সেন, শহর সভাপতি সুমিত বসাক, শ্রমিক নেতা গৌতম মাহাত, অমিত শ্রীবাস্তব, অমর মিশ্র সহ অন্যরা অংশ নিচ্ছেন।

Advertisement

বিনপুর-১ ব্লকের আঁধারিয়ায় ২১জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে ২২৫জন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিককে বিনামূল্যে সামাজিক সুরক্ষার শংসাপত্র দেওয়া হয়েছে। আইএনটিটিইউসি’র জেলা সভাপতি মহাশিস মাহাত বলেন, জেলাজুড়ে ২১জুলাইয়ের প্রস্তুতি জোরকদমে চলছে। জেলার সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বড় অংশ যাতে ধর্মতলার শহিদ স্মরণ সমাবেশে উপস্থিত হতে পারেন, সেজন্য সর্বাত্মক প্রচার, প্রস্তুতি সভা হয়েছে।
তৃণমূলের বর্ষীয়ান শ্রমিক নেতা নান্টুলাল দাস বলেন, বাম নেতৃত্ব কৃষক-শ্রমিকের হয়ে রাজনীতি করার কথা বলে। তাহলে দীর্ঘ সময় ধরে বামফ্রন্টের শাসনে জেলার খেটে খাওয়া মানুষের দারিদ্র্য ঘুচল না কেন? তৃণমূল সরকার সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের স্বার্থে নানা প্রকল্প চালু করছে। শ্রমিকরা সামাজিক সুরক্ষার সুবিধাও পাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্তে থাকা বাংলার শ্রমিকদের স্বার্থে এই সরকার আওয়াজ তুলছে। এতে শ্রমিকরা ভরসা পাচ্ছেন। জেলা থেকে প্রচুর শ্রমিক ২১জুলাইয়ের সমাবেশে শামিল হবেন।জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু বলেন, জেলা থেকে রেকর্ড সংখ্যক দলীয় নেতাকর্মী কলকাতায় শহিদ স্মরণ সমাবেশে যোগদান করবেন। তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা প্রস্তুতি সভা করেছে। তার মধ্যে শ্রমিক সংগঠন সামনের সারিতে রয়েছে।শ্রমিক সংগঠনের সদস্য দেবাংশু মাহাত বলেন, সংসার চালাতে দিনরাত আমাদের পরিশ্রম করতে হয়। তৃণমূল সরকার শ্রমিকদের সুরক্ষায় একাধিক পদক্ষেপ করেছে। আমার মতো অনেকেই সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেয়েছি। আমরা ২১জুলাইয়ের সমাবেশে যাওয়ার অপেক্ষায় রয়েছি। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ