নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: আগামী বিধানসভা নির্বাচনে মহিলা ভোট টানতে ‘অঞ্চলে আঁচল’ নামের নতুন কর্মসূচি নিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। তার আগে পুরুলিয়া জেলা পার্টি অফিসে মহিলা কর্মীদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন মহিলা সংগঠনের সভানেত্রী সুমিতা সিং মল্ল ও নিবেদিতা মাহাত। এদিন দুপুরে ওই সভা হয়।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়েই ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচি নেওয়া হয়েছে। পুরুলিয়া জেলাতেও কর্মসূচি সফল করতে সবরকমভাবে প্রস্তুতি নিয়েছে দল। এই কর্মসূচি জেলার সমস্ত ব্লকেই হবে। পুর এলাকায় পাঁচটি করে সভা হবে। চলবে ১৫মে পর্যন্ত। কর্মসূচি সফল করতে জেলার ২০টি ব্লকেই মহিলা নেত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দিয়েছেন সভানেত্রী সুমিতদেবী। নিয়তি মাহাত, প্রতিমা সোরেন, নিবেদিতা মাহাত, নমিতা সিং মুড়া, ময়ূরী নন্দী, মৌসুমি ঘোষের মতো নেত্রীরা বিভিন্ন দায়িত্বে রয়েছেন। পুরুলিয়া, রঘুনাথপুর ও ঝালদা শহরের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই কর্মসূচি শেষ হওয়ার পর ‘তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা’ কর্মসূচি শুরু হবে। ১৬মে থেকে ৩০ জুন পর্যন্ত চলবে। ‘দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে’ এই প্রচারপত্র মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিলি করবেন এবং মহিলাদের সঙ্গে মত বিনিময় করবেন।
সুমিতাদেবী বলেন, মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন, তা আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্যই এই কর্মসূচি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন। তা আরও একবার তুলে ধরা হবে। সুমিতদেবীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রকল্প সত্ত্বেও একুশ ও চব্বিশের নির্বাচনে পুরুলিয়ার লোককে ভুল বুঝিয়েছে বিজেপি। তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবই।