Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়পুরের কুচিয়াকোল সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

জয়পুরের কুচিয়াকোল সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়পুর ব্লকে সমবায় সমিতির ক্ষমতা দখলের ধারা অব্যাহত রাখল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কুচিয়াকোল অঞ্চল কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। এদিন বিকোল ৩টেয় জয় ঘোষণার পরই দলীয় নেতা-কর্মীরা সমিতির সামনে সবুজ আবির উড়িয়ে বিজয়ে উল্লাসে মাতেন। কুচিয়াকোল বাজারে মিছিলও হয়। উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি কৌশিক বটব্যাল, জয়পুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জাকির খান, অঞ্চল সভাপতি সঞ্জয় বটব্যাল প্রমুখ নেতৃবৃন্দ। 

Advertisement

কৌশিকবাবু বলেন, জয়পুর ব্লক কৃষিপ্রধান এলাকা। কৃষকদের জন্য আমাদের সরকার ও মুখ্যমন্ত্রী যতটা ভেবেছেন তেমনটি কোনও রাজ্যের প্রশাসন ভাবেনি। 
তাই জয়পুরের কৃষকরা বিকল্প কারও কথা ভাবেননি। কয়েকদিন আগেই জয়পুর ব্লকের উত্তরবাড় এবং জয়পুর ফার্মার্স সার্ভিস কো-অপারেটিভ সোসাইটিতে আমাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এদিন কুচিয়াকোল সমিতিতে একইভাবে ৩৭জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
অঞ্চল সভাপতি বলেন, কৃষকবন্ধু থেকে শুরু করে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বল্প সুদে ঋণ, ফসল বিমা সহ কৃষি যন্ত্রপাতি প্রদানের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত হয়েছে। তাই সমিতির পরিচালন কমিটিতে বিরোধীদের কোনও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আগামী বিধানসভা ভোটেও আমাদের এলাকা বিরোধীশূন্য হবে। 
সমিতি সূত্রে জানা গিয়েছে, সোম এবং মঙ্গলবার কুচিয়াকোল সমবায়ের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল। কিন্তু এদিন বিকেল ৩টে পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পরও ৩৭টি আসনেই বিরোধী কোনও প্রার্থীর মনোনয়ন জমা পড়েনি। তাই সমিতির নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাঁদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন। জয়ী প্রার্থীদের সামনের সারিতে এনে তৃণমূল নেতা-কর্মীরা বিজয় উৎসবে মাতেন। সবুজ আবির উড়িয়ে কুচিয়াকোল বাজারে মিছিলও হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ