নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংশোধিত ওয়াকফ আইন ইস্যুতে উত্তাল রাজ্য। জেলা থেকে শহর – প্রতিদিনই চলছে বিক্ষোভ-আন্দোলন। আর এই সুযোগে সস্তা রাজনীতির রুটি সেঁকছে বিজেপি। এমনই অভিযোগ শাসকদল তৃণমূলের। গেরুয়া পার্টি সাংগঠনিকভাবে চূড়ান্ত ব্যর্থ। আর তা ঢাকতেই বঙ্গ বিজেপির নেতারা রে রে করে ময়দানে নামছে। তৃণমূলের এক শীর্ষ পদাধিকারী শনিবার একান্ত আলাপচারিতায় বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দলের সমাজের প্রতি দায়বন্ধতা থাকে। সেক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কর্তব্য রয়েছে সংশ্লিষ্ট দলগুলির। কিন্তু দুভার্গ্যের হলেও সত্যি, কেন্দ্রীয় শাসকদল সেই দায়িত্ব পালন করছে না। উল্টে হিন্দু আবেগকে উসকে দিয়ে সস্তা রাজনৈতিক ফায়দা তোলার খেলায় মেতেছে। জোড়া ফুল শিবিরের গুরুত্বপূর্ণ ওই নেতার দাবি, ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা ভোটে এই বাংলাকে অশান্ত করার নানা চক্রান্ত করেছে পদ্ম শিবির। খোদ সর্বভারতীয় স্তরের নেতারা বাংলা দখল করার লক্ষ্যে অনেক খেলা খেলেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তা বারবার প্রত্যাখ্যান করেছে। ২০২৬ সালের আসন্ন বিধানসভা ভোটের আগে ফের রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে। তৃণমূলের ওই নেতা এক্ষেত্রে নিজের দলের কয়েকজনকেও কাঠগড়ায় তুলেছেন। তাঁর দাবি, বিজেপি পাতা ফাঁদে আমাদের কিছু নেতা পা দিচ্ছেন। সংবাদমাধ্যমে বেফাঁস মন্তব্য করছেন। খোদ দলীয় নেত্রী সাফ নির্দেশ দিয়েছিলেন, দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব ছাড়া কেউ মিডিয়ায় কথা বলবেন না। তা বহু ক্ষেত্রেই মানা হচ্ছে না। সবটাই আমাদের নজরে রয়েছে। প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।



