নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, তেহট্ট: প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপসকুমার সাহা। বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৫ বছর। বুধবার বাড়িতে ব্রেন স্ট্রোক হয়। তেহট্ট হাসপাতাল ছুঁয়ে তাঁকে আনা হয় কলকাতায়। শোকজ্ঞাপন করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী বলেন, ‘তৃণমূল কংগ্রেস পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য তাপস সাহার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তিনি আমার বহুদিনের সহকর্মী। তাঁর এই মৃত্যু জেলা ও বাংলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি।’ তাপসবাবুর মরদেহ এদিন বিধানসভায় আনা হয়। সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ ও দলের সেকেন্ড-ইন-কমান্ড বলেন, ‘একনিষ্ঠ কর্মী এবং দীর্ঘদিনের সহযোদ্ধার প্রয়াণে আমি শোকস্তব্ধ। তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।’



