সংবাদদাতা, ঘাটাল: জয়ন্তীপুর থেকে কালিকাপুর পর্যন্ত সেনা-সম্মান মিছিল করল তৃণমূল। রবিবার চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়ার উদ্যোগে রবিবার ক্ষীরপাই-চন্দ্রকোণা রাস্তার উপর ওই শ্রদ্ধার্ঘ্য মিছিল হয়েছে। সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে আয়োজিত এই মিছিলের পুরোভাগে বিধায়ক ছাড়াও ছিলেন শাসকদলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি, মন্ত্রী শিউলি সাহা, দুই বিধায়ক হুমায়ুন কবীর ও মমতা ভুঁইয়া, দলের জেলা নেতা রাধাকান্ত মাইতি সহ বিভিন্ন স্তরের নেতানেত্রীরা। শাসকদলের বহু কর্মীসমর্থক ও সাধারণ মানুষ তেরঙা পতাকা নিয়ে ‘জয় হোক ভারতের বীর সেনাদের’ স্লোগান দিয়ে মিছিলে পা মেলান। মিছিলে উপস্থিত সবাই কর্তব্যরত জওয়ান ও শহিদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিধায়ক বলেন, বাংলার মানুষ সর্বদা ভারতীয় সেনাবাহিনীর সম্মান করবে ও তাঁদের পাশে থাকবে। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মিছিলের আয়োজন করি।-নিজস্ব চিত্র



